স্টুটগার্ট টেনিস শিরোপা জয়ে হ্যাট্রিক করলেন মারিয়া শারাপোভা। রোববার অনুষ্ঠিত ফাইনালে প্রথম সেটে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-৬, ৬-৪, ৬-১ গেমে সার্বিয়ার আনা ইভানোভিচকে পরাজিত করে টানা তৃতীয়বার এ শিরোপা জয় করেন তিনি।
ইতোপূর্বে ২০১২ ও ২০১৩ সালে মর্যাদাসম্পন্ন এ টুর্নামেন্টের শিরোপা জয় করেছিলেন শারাপোভা। দুই ঘণ্টা স্থায়ী ম্যাচে জয় লাভের পর ২৭ বছর বয়সী শারাপোভা বলেন, ‘কাজটা বেশ কঠিন ছিল।’
চারবারের গ্র্যান্ড স্লাম জয়ী এ সুন্দরী তারকা বলেন, ‘শিরোপা জয়ের সম্ভাবনা সম্পর্কে সব সময়ই আমার আত্মবিশ্বাস ছিল এবং লড়াই করার মানসিকতা এমন একটা বিষয় যা আমার মধ্যে আছে।’
কাঁধের ইনজুরি কাটিয়ে গত বছর মাঠে ফেরার পর তৃতীয় একক কোন টুর্নামেন্টে প্রথমবারের মত শিরোপা জয়ী শারাপোভা বলেন, ‘এ সময়টা ছিল সত্যিকারার্থেই বেশ কঠিন যে কারণে এ জয়টা বিশেষ কিছু।’
টুর্নামেন্ট বিজয়ী হিসেবে এক লাখ ৩৩ হাজার ৮৯৬ ডলারের চেক ছাড়াও নতুন একটি স্পোর্টস কার পাওয়া শারাপোভা কৌতুক করে বলেন, ‘গাড়ি রাখার জন্য এখন আমাকে একটা নতুন গ্যারেজ নির্মাণ করতে হবে।’
আগামী মাসে শুরু হওয়া ফরাসি ওপেনের আগে এ শিরোপা জয়টা খুবই গুরুত্বপূর্ণ বলে স্বীকার করে প্রতিপক্ষ ইভানোভিচ সম্পর্কে শরাপোভা বলেন, ‘ইভানোভিচ সত্যিকারার্থেই একজন বড় মাপের খেলোয়াড়। যার প্রমাণ প্রথম সেটেই তিনি দিয়েছেন। তবে আত্মবিশ্বাস এবং এখানকার রেকর্ড আমার পক্ষে ছিল।’
রানার্স-আপ সার্বিয়ার তারকা খেলোয়াড় ইভানোভিচ বলেন, ‘একজন চ্যাম্পিয়নের মত খেলেই শারাপোভা শিরোপা জিতেছে। খেলার মাধ্যমেই তিনি তার জাত চিনিয়েছেন।’
ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি) //জেডআই