দীর্ঘ এক বছরেরও বেশি সময় পর ফের আন্তর্জাতিক অলিম্পিকে ফিরে আসল ভারত। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের (আইওএ) উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। মঙ্গলবার আইওসির এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
২০১২ সালের ডিসেম্বরে ভারতীয় অলিম্পিক সংস্থাকে (আইওএ) সাসপেন্ড করে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। দুর্নীতি, সাংগঠনিক কাজে সরকারি হস্তক্ষেপ-সহ একগুচ্ছ অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয় আইওসি। যার ফলে অলিম্পিক-সহ আইওসি অনুমোদিত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতের অংশগ্রহণের পথ বন্ধ হয়ে যায়।
রোববার ধারা মোতাবেক সুষ্ঠ নির্বাচন সম্পন্ন করে আইওএ। এরপরই নিষেধাজ্ঞা তুলে নেয় অলিম্পিকের সর্বোচ্চ সংস্থা।
বর্তমানে সোচিতে শীতকালীন অলিম্পিকে ভারতের অ্যাথলেটরা লড়ছে আইওসির পতাকা হাতে। নতুন এই সিদ্ধান্তে নিজ দেশের পতাকাতলে অংশ নিতে পারবে তারা।
আইওসি মুখপাত্র মার্ক অ্যাডামস বলেছেন, 'এই সিদ্ধান্তের মানে হলো ভারতীয় অ্যাথলেটরা তাদের জাতীয় অলিম্পিক কমিটির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। সমাপনী অনুষ্ঠানে তারা নিজ দেশের পতাকার হাতে হাটতে পারবে। সোচির শীতকালীন গেমস ভিলেজে এখন ভারতীয় পতাকা উড়বে।'