দক্ষিণ আফ্রিকার সংগ্রহকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে ব্যাট করেই ৪ রানে এগিয়ে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৫২।

দিনের প্রথম ঘণ্টা পার হওয়ার আগেই ডেল স্টেইনের বলে অধিনায়ক মুশফিকুর রহিমের ফেরাটা সংশয়াচ্ছন্ন করেছিল বাংলাদেশ-সমর্থকদের। ৫৩ রানে পিছিয়ে থাকার সময় ওই ধাক্কাটা বেশ চাপেই ফেলেছিল দলকে। কিন্তু ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা লিটন দাস অভিজ্ঞ সাকিব আল হাসানকে সঙ্গ দিলেন দারুণভাবে। গড়ে উঠল ৫৭ রানের অবিচ্ছিন্ন এক জুটি। এই চমৎকার জুটিতেই সব সংশয় মাটি চাপা দিয়ে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহকে ছাপিয়ে যায় টাইগার-বাহিনী।

সাকিব আল হাসান তাঁর অভিজ্ঞতার ঝাঁপি খুলেই এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন দলের অগ্রযাত্রায়। তিনি অপরাজিত ৩২ রানে। লিটন দাসকে মরিয়া মনে হচ্ছে নিজেকে প্রমাণের উদ্দেশ্যেই। ৬৮ বল খেলে তিনি অপরাজিত ২৯ রানে। এই জুটি মধ্যাহ্ন বিরতি-পরবর্তী সময়ে প্রোটিয়া বোলারদের কীভাবে সামলাবেন, তার ওপরই কিন্তু নির্ভর করছে অনেক কিছুই।

কেএইচ