শুক্রবারের সকালটা ছাড়া পুরো দিনটাই যেন লেখা হয়েছিল স্বাগতিকদের জন্য। মুশফিক-লিটনের জুটিতে নিজেদের ঝুলিতে বেশ ভালোই রান পুরলো বাংলাদেশ দল। প্রথম দিনটি স্বপ্নের মতো পার করতে পারলেও দ্বিতীয় দিনটি যেন পরিণত হলো দুঃস্বপ্নে। ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে মাঠে নেমে ৩৩০ তেই মাঠ ছাড়লো টাইগাররা।

এদিকে পাকিস্তান দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশন শেষ করেছে বিনা উইকেটে ৭৯ রান নিয়ে। আবিদ আলী ৮৯ বলে ৫২ আর আব্দুল্লাহ শফিক ৮৫ বলে ২৭ রান করে রয়েছেন অপরাজিত।

যদিও ত্রয়োদশ ওভারে শফিককে সাজঘরে ফেরানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। ওভারের পঞ্চম বলে তাইজুল ইসলামের ডেলিভারি ৯ রান নিয়ে ব্যাট করা শফিকের প্যাডে আঘাত করে। ব্যাটে লেগেছে নাকি প্যাডে- এই দ্বিধায় মুমিনুল হক রিভিউ নেননি। পরে টিভি রিপ্লেতে দেখা যায়, বল প্যাডেই প্রথমে স্পর্শ করেছিল।

এর আগে ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে খেলতে নামা বাংলাদেশ অলআউট হয় ৩৩০ রানে। লিটন দাস ১১৪ ও মুশফিকুর রহিম ৯১ রানে থামেন। প্রথম দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারানো বাংলাদেশ দ্বিতীয় দিনের প্রথম সেশনে বাকি ছয়টি উইকেট হারিয়ে ফেলে। পাকিস্তানের পক্ষে পাঁচটি উইকেট শিকার করেছেন হাসান আলী।

এমআর