ইতিহাসে প্রথমবারের মতো টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষে উঠলো পাকিস্তান। ২০০৩ সালে চালু হওয়ার পরে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও দক্ষিণ আফ্রিকার পরে পঞ্চম দল হিসেবে টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থানে উঠলো মিসবাহ উল হকের দল।

ত্রিনিদাদে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় শীর্ষে চলে যায় পাকিস্তান। ইংল্যান্ডের সঙ্গে ২-২ তে সিরিজ ড্র ও শ্রীলঙ্কা অস্ট্রেলিয়াকে ঘরের মাটিতে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করায় ২ নম্বরে উঠে এসেছিল পাকিস্তান। ভারত উঠে এসেছিল ১ নম্বরে। কিন্তু ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ভারতের ম্যাচটি বৃষ্টি ভেসে যাওয়ায় পাকিস্তানকে জায়গা করে দিয়ে দুই নম্বরে নেমে যায় ভারত।

উল্লেখ্য, ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত কোনো টেস্ট সিরিজ হারেনি পাকিস্তান। পাকিস্তানের টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক বলেন, ক্রিকেটের সবচেয়ে ঐতিহ্যবাহী সংস্করণে এক নম্বর হওয়ার চেয়ে ভালো অনুভূতি আর কিছু হতে পারে না। ক্রিকেটাররা এটি অর্জনের চেষ্টা করে তাদের ক্যারিয়ারে।

উল্লেখ্য, ২০১৬ সালে বেশ কয়েকবার টেস্ট র‌্যাংকিংয়ের এক নম্বর স্থানে উত্থান-পতন হয়েছে। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ডের কাছে ২-০ ব্যবধানে হারার পরে শীর্ষে ওঠে ভারত। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে হারিয়ে শীর্ষে ওঠে। এরপর শ্রীলঙ্কার কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়ে ভারতের কাছে শীর্ষস্থান হারায় অস্ট্রেলিয়া। ক্রিকইনফো।

এআই