নয়জনের উরুগুয়েকে কোয়ার্টার ফাইনালে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক চিলি।

স্ট্রাইকার এডিনসন কাভানি এবং ডিফেন্ডার জর্জ ফুসিলে দুটি করে হলুদ কার্ড পেয়ে মাঠ থেকে বেরিয়ে গেলে ৮৮ মিনিটে নয়জনের দলে পরিণত হয় বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ে। তবে তার আগেই ৮১ মিনিটে জুভেন্টাসের ডিফেন্ডার মারিও ইসলার গোলে সানটিয়াগো এস্টাতিও ন্যাসিওনালে স্বাগতিকদের বিজয় রচিত হয়।

উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে বিরোধের জের ধরে ম্যাচের শেষের দিকে ফুসিলেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান ব্রাজিলিয়ান রেফারি সান্দ্রো মেইরা রিক্কি। বিরোধের এক পর্যায়ে উরুগুয়ের অভিজ্ঞ কোচ ওস্কার তাবারেজও মাঠের ভিতের চলে এসেছিলেন।

এর আগেই অবশ্য ৬১ মিনিটে কাভানিকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানোর কারণে রেফারির উপর চটেছিলেন উরুগুয়ের খেলোয়াড়রা। প্রথমার্ধে আরটুরো ভিডালকে ফাউল করার কারণে প্রথম হলুদ কার্ড পেয়েছিলেন কাভানি।

এরপর চিলি ডিফেন্ডার গঞ্জালো জারার মুখে মারার কারণে দ্বিতীয়বার তাকে কার্ড দেখানো হলে মাঠ ত্যাগে বাধ্য হন। ম্যাচটির আগে পারিবারিক কারণে প্যারিস সেইন্ট-জার্মেইর এই তারকা বেশ দু:শ্চিন্তায় ছিলেন। বাবা লুইস কাভানি সোমবার রাতে গাড়ি দুর্ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে উরুগুয়ের পুলিশের হাতে আটকের কারণে কাভানিকে চিলি থেকে দেশে ফিরে যেতে হয়েছিল। সব মিলিয়ে এ ম্যাচের আগে মানসিক ভাবে স্বস্তিতে ছিলেন না এই তারকা স্ট্রাইকার।

কাভানির মাঠ ত্যাগের পরে উরুগুয়ে নিজেদের একেবারেই গুটিয়ে নেয়। রক্ষণাত্মক কৌশলে খেলে তারা ম্যাচটি টাই ব্রেকারে দিকেই নিয়ে যাচ্ছিল। কিন্তু শেষ ১০ মিনিট চিলি নিজেদের মেলে ধরে।

৮১ মিনিটে প্লেমেকার জর্জ ভালডিভিয়ার পাস থেকে ইসলা উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরাকে পরাস্ত করলে স্বাগতিকরা এগিয়ে যায়।

এরপরেও উরুগুয়ের জন্য আরো দু:সংবাদ অপেক্ষা করছিল। ম্যাচের একেবারে শেষের দিকে ফুসিলে চিলির তারকা স্ট্রাইকার এ্যালেক্সিস সানচেজকে ফাউল করে বসলে তা নিয়ে বিতণ্ডা শুরু হয়। উরুগুয়ের খেলোয়াড় ও কর্মকর্তাদের বিরোধের মুখে বেশ কয়েক মিনিট খেলা বন্ধ থাকার পরে রিক্কি নিজের সিদ্ধান্তে অটল থেকে লাল কার্ড দেখাতে বাধ্য হন।

জেডআই