জিম্বাবুয়েতে পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজের পরিবর্তে ত্রি-দেশীয় সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা শোনা গেলেও এখন সেই দ্বিপক্ষীয় সিরিজই স্থগিত করা হয়েছে। জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) সঙ্গে সমঝোতা করে অনির্দিষ্টকালের জন্য এই সফর স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

দীর্ঘ ছয় বছর পর কোনো টেস্ট খেলুড়ে দল হিসেবে পাকিস্তান সফরে এসেছিল জিম্বাবুয়ে। এর প্রেক্ষিতে পাকিস্তানের ফিরতি সফরে যাওয়ার কথা ছিল।

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে হারের পর পাকিস্তান র‌্যাঙ্কিংয়ে নিচে নেমে যায়। ভারতের বিপক্ষে টাইগারদের জয়ের পর তাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা আরো ঝুঁকির মধ্যে পড়ে যায়।

পরে শোনা যায়, দ্বি-পক্ষীয় সিরিজের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজসহ ত্রি-দেশীয় সিরিজ অনুষ্ঠিত হওয়ার কথা। যাতে বাংলাদেশকে টপকে ক্যারিবীয় ও পাকরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পায়।

তবে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা একেবারে নিশ্চিত করে ফেলে। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জিতলে পাকিস্তানেরও চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত হয়ে যায়। ফলে জিম্বাবুয়ে সফরে গিয়ে আর কোনো ঝুঁকি নিতে চায় না সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

এ বিষয় না প্রকাশে অনিচ্ছুক পিসিবির এক কর্মকর্তা বলেন, "জিম্বাবুয়ে দ্বিপক্ষীয় সিরিজের পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজসহ ত্রি-দেশীয় সিরিজ আয়োজন করতে চায়। এটা ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পেতে পাকিস্তানের জন্য ঠিক সিদ্ধান্ত হবে না।"

"তৃতীয় দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে যুক্ত করা আমাদের স্বার্থ পরিপন্থী। তাই আমরা ত্রি-দেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু তারা সেটা গ্রহণ করেনি। ফলে আগামী বছর পর্যন্ত আমরা দ্বিপক্ষীয় বা ত্রি-দেশীয় সব সিরিজই স্থগিত করেছি।" সূত্র:ডন

জেডআই