রুমানা আহমেদের ব্যাট থেকে এসেছে ১১, জাহানারা আলমের ১২। বাকি নয়জনের ব্যাটে এল: ১, ২, ০, ২, ২, ০, ২, ০, ৫! পাকিস্তানের বিপক্ষে মাত্র ৪৪ রানে অলআউট বাংলাদেশ। মেয়েদের টি-টোয়েন্টি এশিয়া কাপে মাথা পেতে নিতে হলো বড় হারের লজ্জা।

প্রতিযোগিতার প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৫৪ রানে অলআউট হয়েছিলেন রুমানারা। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছিল বাংলাদেশ। সেটাই আবার নতুন করে লিখলেন তারা।

প্রথমে ব্যাট করা বাংলাদেশ শুরুতেই যে বিপর্যয়ে পড়ে, সেটি থেকে বের হতে পারেনি কখনোই। ৪ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ উইকেট পতনের মিছিল থামাতেই পারছিল না। ২৭ রানে ৯ উইকেট হারানোর পর তো শঙ্কা জেতেছিল ত্রিশের নিচেই অলআউট হওয়ার। শেষের দিকে জাহানারার ১২ রানে সংগ্রহটা কোনোমতে চল্লিশের ঘরে যায়। এর সঙ্গে অবশ্য পাকিস্তানি বোলারদের অতিরিক্ত ৮ রানের বদান্যও ছিল।

পাকিস্তানের অধিনায়ক সানা মীর ৫ রানে নিয়েছেন ৩ উইকেট। আয়মান আনোয়ার ৯ রানে ২টি। একটি করে উইকেট পেয়েছেন আলিয়া রিয়াজ, আনাম আমিন, জাভেরিয়া খান ও নিদা দার।

লক্ষ্য পেরিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি পাকিস্তান। মাত্র ৯.৫ ওভারেই প্রয়োজনীয় ৪৫ রান তুলে নেয় তারা। জাভেরিয়া খান ২৬ আর ইরাম জাভেদ ১৭ রান করেন। খাদিজাতুল কুবরার বলে ওপেনার আয়েশা জাফর দ্রুত ফিরলেও সেটি খুব বড় সমস্যা হয়ে দেখা দেয়নি পাকিস্তানি মেয়েদের জন্য।

সূত্র: ক্রিকইনফো।

জারিফ