টি-টোয়েন্টি বিশ্বকাপে মুশফিক, সাকিব ও তামিমদের পর এবার ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৬ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা।
ওয়েস্ট ইন্ডিজের সাথে নিজেদের প্রথম ম্যাচে জয়ের জন্য ১১৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫ বল বাকি থাকতেই ৭৯ রানে অলআউট  হয়ে যায় বাংলাদেশ।
এর আগে বুধবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। সালমা, ফাহিমা খাতুন ও খাদিজা তুল কুবরার দারুণ বোলিং নৈপুণ্যে তারা শেষ বলে ১১৫ রানে গুটিয়ে যায়।
ম্যাচের দ্বিতীয় বলে ক্যারিবীয়দের উদ্বোধনী ব্যাটসম্যান কাইসিয়া নাইটকে শূন্য রানে ফিরিয়ে দিয়ে শুরুটা ভালোই করেছিলেন বাংলাদেশের অধিনায়ক সালমা খাতুন। ওয়েস্ট ইন্ডিজের রানও তখন শূন্য।
লেগ স্পিনার ফাহিমা খাতুন ষষ্ঠ ওভারে শ্যাকুয়ানা কুইনটাইন ও অষ্টম ওভারে কাইশোনা নাইটকে ফিরিয়ে দিলে অস্বস্তিতে পরে ওয়েস্ট ইন্ডিজ।
একাদশ ওভারে বাংলাদেশের আরেক লেগস্পিনার রুমানা আহমেদ ক্যারিবীয় অধিনায়ক মেরিসা অ্যাগুইলেইরাকে পান্না ঘোষের ক্যাচ বানালে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলের স্কোর তখন ৪৩/৪।
কিন্তু এরপর স্টেসি-অ্যান কিংয়ের (১৩ বলে ২০) সঙ্গে ৪০ রানের জুটি গড়ে বিপদ কাটিয়ে ওঠেন ডিয়ান্ড্রা ডোটিন।
কিং ও ডোটিনকে ফাহিমা খাতুনের ক্যাচে পরিণত করেন অফস্পিনার খাদিজা তুল কুবরা। ৩৪ বলে ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৪ রান করেন ডোটিন।
পরে আনিসা মোহেম্মেদের ১৪ বলে ১৫ ও সেমাইনি ক্যাম্পবেলের ৪ বলে ৭ রানের সুবাদে লড়াই করার মতো ইনিংস গড়ে ওয়েস্ট ইন্ডিজ।
২৪ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার খাদিজা তুল কুবরা। দুটি করে উইকেট নেন সালমা ও ফাহিমা। রুমানা নেন একটি উইকেট।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]