বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেছে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচটি। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে টাইগাররা। শুরুতেই টস হেরে ব্যাটিংয়ে নামতে হয়েছে বাংলাদেশকে।
প্রথম ম্যাচটা পরিত্যক্ত হওয়ায় এই ম্যাচে জয় পেতে মরিয়া হয়ে আছে মাশরাফির দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেটে ১৯৮ রান করেছে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ ৩৯ ও মোসাদ্দেক হোসেন সৈকত ৭ রানে অপরাজিত রয়েছেন।
শুরুটা বেশ সাবধানের সঙ্গে করেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। প্রথম ৫ ওভারে আসে মাত্র ২৩ রান। সেট হওয়ার পর অবশ্য রানের গতি বাড়াতে থাকেন এই দুজন। ১১তম ওভারে দলীয় স্কোরটা পঞ্চাশ পার করে বাংলাদেশ। বাংলাদেশের স্কোরটা যখন আরও বেশি হৃষ্টপুষ্ট হচ্ছিল ঠিক তখনই ধৈর্য্য হারিয়ে বসেন তামিম ইকবাল।
দলীয় ৭২ রানে নিশামের বলে উড়িয়ে মারতে গিয়ে মুনরোর তালুবন্দি হন তামিম ইকবাল। আউট হওয়ার আগে ৪২ বলে ২৩ রান করেন তিনি। তামিম আউট হলেও অপরপ্রান্তে অবশ্য কিউই বোলারদের হতাশ করেই চলেন সৌম্য সরকার। ৫৩ বলে চারটি চারে অর্ধশতক পূর্ণ করেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
তামিমের বিদায়ের খানিকবাদেই ক্লিন বোল্ড হয়ে ফিরে আসেন সাব্বির রহমান। মিচেল স্যান্টনারের দারুণ একটি বলে বোল্ড হয়ে ফিরে আসেন এই ব্যাটসম্যান। মাত্র ১ রান করেন সাব্বির। এরপর সৌম্য সরকার ও মুশফিকের ব্যাটে সেই চাপটা কাটিয়ে ওঠতে থাকে বাংলাদেশ। তবে দলীয় ১১৭ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হন সৌম্য সরকার। ৬১ রান করে ইশ সোধির বলে টম ল্যাথামের ক্যাচে প্যাভিলিয়নে ফিরে আসেন সৌম্য।
সৌম্য সরকারের বিদায়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। বিপদটা আরও বাড়িয়ে তোলেন সাকিব আল হাসান। সোধির দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে মাত্র ৬ রান করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। ১৩২ রানে চার উইকেট হারানো টাইগারদের এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বটা তুলে নেন মুশফিকুর রহিম। সঙ্গী এবার মাহমুদউল্লাহ রিয়াদ। এই জুটিতে ক্যারিয়ারের ২৪তম হাফ সেঞ্চুরিটা তুলে নেন মুশি। অন্যদিকে গত ম্যাচে দারুণ ব্যাটিং করা মাহমুদউল্লাহ রিয়াদ এই ম্যাচেও তার দুর্দান্ত ফর্মটা ধরে রাখেন।
হাফ সেঞ্চুরির পর আর বেশিদূর এগোতে পারেননি মুশি। নিশামের বলে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফিরে আসেন তিনি। আউট হওয়ার আগে ৬৬ বলে ৫৫ রান করেন তিনি।
নিষেধাজ্ঞার কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারেননি মাশরাফি বিন মুর্তজা। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে আবার মাঠে ফিরেছেন বাংলাদেশের নিয়মিত অধিনায়ক। ফলে আজ তাঁর নেতৃত্বেই কিউইদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের প্রায় পুরো দলটি নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। দলে পরিবর্তন আছে শুধু একটি। অধিনায়ক মাশরাফি দলে ফেরায় বাদ পড়েছেন তাসকিন আহমেদ।
আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামতে হয়েছিল বাংলাদেশকে। ব্যাট হাতে শুরুটা ভালো না হলেও তামিম ইকবাল ও মাহমুদউল্লাহর লড়াকু ব্যাটিংয়ে ঘুরে দাঁড়িয়েছিল লাল-সবুজের দল। ৩১ ওভারে সংগ্রহ করেছিল ১৫১ রান। কিন্তু এরপরই বৃষ্টির বাধায় ভেস্তে গিয়েছিল ম্যাচটি। ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে ৫১ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। আর আজ তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও বাংলাদেশ।
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ দল : সৌম্য সরকার, তামিম ইকবাল, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান ও রুবেল হোসেন।
টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ





