মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে থাকা বাংলাদেশ এই ম্যাচ জিতলেই নিশ্চিত করবে সিরিজ জয়।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড নির্ধারিত ১৯.৩ ওভারে সবগুলো উইকেট হারিয়ে জড়ো করেছে ৯৩ রান। জয়ের জন্য বাংলাদেশকে তাড়া করতে হবে ৯৪ রানের লক্ষ্য।

নাসুম আহমেদ ম্যাচে গড়েছেন ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। প্রথম ওভারে কোনো রান না দিয়ে তিনি শিকার করেন রাচিন রবীন্দ্রকে। এরপর ফিন অ্যালেন ভয়ংকর হয়ে ওঠার ইঙ্গিত দিলেও তিনিও নাসুমের শিকারে পরিণত হন।

নাসুম আবারও মেডেন ওভার করেন ১২তম ওভারে। সেই ওভারে তিনি উইকেট পান দুটি, শিকার করেন হেনরি নিকোলস ও কলিন ডি গ্র্যান্ডহোমকে। তার আগে প্রতিরোধ গড়ার চেষ্টা করা অধিনায়ক টম ল্যাথামকে ফেরান শেখ মেহেদী হাসান। নাজমুল ইসলাম অপুর পর দেশের দ্বিতীয় বোলার হিসেবে দুটি মেডেন ওভার করেন নাসুম।

৫২ রানে ৫ উইকেট হারিয়ে কিউইরা চাপে পড়ে যায়। সেই চাপ থেকে আর বের হতে পারেনি সফরকারীরা। ১৬তম ওভারে জোড়া উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। শেষ ওভারে তিনি শিকার করেন একপ্রান্ত আগলে রাখা ইউল ইয়ংকে।

শেষপর্যন্ত ১৯.৩ ওভারে অলআউট হওয়ার আগে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৯৩ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪৬ রান করেন উইল ইয়ং, ৪৮ বলের মোকাবেলায় ৫টি চার ও ১টি ছক্কা হাঁকিয়ে। ২৬ বল মোকাবেলা করা ল্যাথামের ব্যাট থেকে আসে ২১ রান। বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান চারটি করে উইকেট শিকার করেন।বিডিক্রিকটাইম

সংক্ষিপ্ত স্কোর

টস : নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড : ৯৩/১০ (১৯.৩ ওভার)
ইয়ং ৪৬, ল্যাথাম ২১
নাসুম ৪-২-১০-৪, মুস্তাফিজ ৩.৩-০১২-৪, সাইফউদ্দিন ৩–০-১৬-১, মেহেদী ৪-০-২১-১

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৯৪ রান।

এমবি