সাত পাকে বাঁধা পড়তে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের সদস্য দিনেশ কার্তিক এবং স্কোয়াশ খেলোয়াড় দীপিকা পল্লীকল। জানা গিয়েছে, বরপক্ষ ও কনপক্ষ দুই বাড়ির রীতি মেনেই বিয়েটা হবে।
আজ বিয়ে হবে দীপিকার পরিবারের রীতি মেনে। এর দুদিন পর ২০ অগাস্ট হিন্দু রীতি মেনে ফের বিয়ে হবে দিনেশ-দীপিকার।
দীপিকার বাবা সঞ্জীব জর্জ জানিয়েছেন, চেন্নাইতেই বিয়ের সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিয়েতে কনের সাজগোজ নিয়ে সবসময়ই একটা কৌতুহল থাকে। দীপিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রথমদিন তার পোশাক সাদা গাউন। কিন্তু ২০ আগস্ট পরম্পরা অনুযায়ী হলুদ শাড়িতে সেজে উঠবেন তিনি।
দিনেশের বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না তার সতীর্থরা। ভারতীয় ক্রিকেট দল এই মুহূর্তে টেস্ট সিরিজের জন্য শ্রীলঙ্কায় রয়েছে। তবে তাঁর বিয়েতে সম্ভবত উপস্থিত থাকতে পারেন মহেন্দ্র সিংহ ধোনি, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা।
উল্লেখ্য, একটি জিমে দিনেশের সঙ্গে পরিচয় হয় দীপিকার। সেটি গড়ায় প্রেমে। ২০১৩ সালে তাদের বাগদান পর্ব সম্পন্ন হয়। অপেক্ষা ছিল বিয়ের।
প্রসঙ্গত, এটি দিনেশের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০৭ সালে ছোটবেলার প্রেমিকা নিকিতার সঙ্গে বিয়ে হয়েছিল তার। তবে বেশিদিন স্থায়ী হয়নি সেই বিয়ে। ডিভোর্স হয়ে যায় তাদের।
ইআর





