আন্তর্জাতিক ক্রিকেটে বাজে সময় পেছনে ফেলছে দুর্দান্ত খেলছে পাকিস্তান। ইংল্যান্ডের মাঠ থেকে টেস্ট সিরিজে ২-২ ড্র করে ফেরার পরই যেন আত্মবিশ্বাস আরো বেড়ে গেছে দলটির। সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজ নিয়ে রীতিমতো ছেলেখেলা করছে পাকিস্তান। তিন ধরনের ফরম্যাটেই ক্যারিবিয়ানদের দাঁড়াতে দিচ্ছে না আজহার আলি-মিসবাহ উল হকের দল।

দারুণ সময় পার করতে থাকা পাকিস্তান আন্তর্জাতিক ক্রিকেটে এমন একটি কীর্তির সামনে দাঁড়িয়ে রয়েছে এর আগে যেটি কোনো দল স্পর্শ করতে পারেনি। প্রথম দল হিসেবে পূর্ণাঙ্গ সিরিজের তিন ফরম্যাটের ক্রিকেটের সবগুলো ম্যাচ জয়ের ‘বিরল’ কীর্তি থেকে এককদম দূরে রয়েছে পাকিস্তান। এই অসামান্য কীর্তি গড়তে হলে রোববার থেকে শুরু হতে যাওয়া শারজাহ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে হবে মিসবাহর দলের।

টি-টুয়েন্টিতে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার মধ্য দিয়ে পাকিস্তানের দাপটের শুরু। এরপর ওয়ানডে সিরিজেও একই ব্যবধানে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করে আজহারের দল। দুর্দান্ত পারফরম্যান্সের ধারা অব্যাহত রেখে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি টেস্টও জিতে নেয় পাক শিবির। এবার শারজাহ টেস্টে জিততে পারলে ইতিহাসের প্রথম দল হিসেবে পূর্ণাঙ্গ সিরিজের তিন ফরম্যাটের ক্রিকেটের সবগুলো ম্যাচ জয়ের ‘বিরল’ কীর্তি গড়তে পারবে এশিয়ার শক্তিশালী দলটি।

দুবাই টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ৫৬ রানে পরাজিত করার পর টেস্ট সিরিজে লিড নেয় পাকিস্তান। এরপর আবু ধাবি টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৩৩ রানের জয় দিয়ে সিরিজ জিতে নেয় মিসবাহর দল। শক্তিশালী ব্যাটিং লাইনআপ ও ইয়াসির শাহর মতো বিশ্বমানের স্পিনারের কল্যাণে শারজাহতেও একক ফেভারিট হিসেবে মাঠে নামবে পাকিস্তান। ফলে ইতিহাস হাতছানি দিয়ে ডাকছে পাকিস্তানকে।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরই কঠিন পরীক্ষা অপেক্ষা করছে পাকিস্তানের সামনে। শারজাহ টেস্ট শেষেই দুবাই থেকে নিউজিল্যান্ডের ওড়ে যাবে মিসবাহর দল। সেখানে দুই ম্যাচের টেস্ট সিরিজের কিউইদের মুখোমুখি হবে পাকিস্তান; ১৭ নভেম্বর সিরিজের প্রথম টেস্ট শুরু হবে। এরপর নিউজিল্যান্ডের প্রতিবেশীদেশ অস্ট্রেলিয়ায় গিয়ে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টেস্ট র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর দলটি।

জারিফ