এশিয়া কাপের ফাইনালে আর কিছুক্ষনের মধ্যে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। এ লড়াইকে সামনে রেখে পূজায় বসে প্রার্থনা করছেন টাইগার ব্যাটসম্যান সৌম্য সরকারের পরিবার।
সাতক্ষীরায় সৌম্য সরকারের বাড়িতে গিয়ে দেখা গেছে, তার মা নমিতা রানী সরকার পূজা-অর্চনা করছেন। তিনি শুধু তার ছেলে সৌম্য সরকারের জন্য নয়, গোটা ক্রিকেট টিম যেন ভালো ফল করতে পারে সে জন্য মানতও করেছেন।
সৌম্যর বাবা কিশোরী মোহন সরকার বলেন, ‘আমার ছেলে সৌম্য নয়, ওরা ১১ জন যেন প্রত্যেকের সেরা খেলাটি খেলতে পারে। গোটা বাংলাদেশ আজ তাদের দিকে চেয়ে। তারা যেন আজ গোটা জাতির সেই আস্থার প্রতিদান দিতে পারে। সে জন্য শুভ কামনা রইল।’
সৌম্যর মা বলেন, ‘আমার ছেলে যতক্ষণ খেলে আমি ততক্ষণ পর্যন্ত পূজা-অর্চনা করি। আজ মানত করেছি। শুধু আমার ছেলে নয়, সকলে জ্বলে উঠুক এবং ছিনিয়ে আনুক কাঙ্ক্ষিত জয়।’
ফাইনাল উপলক্ষ্যে বর্ণিল সাজে সেজেছে সাতক্ষীরার প্রতিটি চায়ের স্টল, ক্লাব, বাসা-বাড়ি। অলিগলিতে চলছে বড় পর্দায় খেলা দেখার নানা আয়োজন। নিরবিচ্ছিন্নভাবে খেলা দেখতে অনেকে জেনারেটারের ব্যবস্থাও করেছেন। সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বড় পর্দায় ক্রিকেট খেলা দেখানোর ব্যবস্থা করা হয়েছে।
এসটি





