শনিবারের ম্যাচটি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে কার্লো আনচেলোত্তির শেষ ম্যাচ। রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ তাকে ছাটাই করার কথা ভাবছে। তার পরিবর্তে ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব নাপোলির কোচ রাফায়েল বেনিতেজ রোনালদো-বেনজেমাদের পরবর্তী কোচ হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন।

২০১৩ সালে দায়িত্ব নেওয়ার পর আনচেলোত্তি রিয়াল মাদ্রিদকে উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, স্প্যানিশ কোপা ডেল রে এবং উয়েফা সুপার কাপ জিতিয়েছিলেন। তবে গেল কয়েক মাসে তার তত্ত্বাবধানে খুবই খারাপ সময় পার করছে রিয়াল। ইতিমধ্যে তারা উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে পড়েছে। হাতছাড়া করেছে স্প্যানিশ লা লিগার শিরোপা। স্প্যানিশ কোপা ডেল রে থেকেও বাদ পরেছে তারা। আর এই ব্যর্থতাই কার্লো আনচেলোত্তির আসন নড়বড়ে করে তুলেছে।

অবশ্য রিয়াল সরাসরি আনচেলোত্তিকে বলেনি যে তারা তাকে ছাটাই করবে। তবে এটা জানিয়েছে যে রিয়াল তার মতোই একজন কোচকে খুঁজছে। তবে সাবেক প্যারিস সেইন্ট জার্মেইন ও এসি মিলান কোচের এটুকু বুঝতে সমস্যা হয়নি যে রিয়াল মাদ্রিদ তার উপর আগ্রহ হারিয়েছে। তাকে ছাটাই করা ও নতুন কোচ নিয়োগ দেওয়া সেটা আগামী মাসের আগে হচ্ছে না।

এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদ থেকে আবার তিনি এসি মিলানে ফিরে যেতে পারেন।

কেএইচ