আইসিসি টি২০ বিশ্বকাপ ক্রিকেটে টানা দ্বিতীয জয়ের দেখা পেয়েছে ওযেস্ট ইন্ডিজ। রবিবার রাতে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়েছে তারা।
বেঙ্গালুরুর এন চেন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং বেছে নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ড্যারেন স্যামি। শ্রীলঙ্কা আগে ব্যাটিং করে যোগার করেছিল মাত্র ১২২ রানের পুঁজি। ফলে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের টার্গেট দাঁড়িয়েছিল ১২৩ রান।
ফিল্ডিংয়ের সময় হালকা ইনজুরিতে পড়িছিলেন ওয়েস্ট ইন্ডিজের ড্যাশিং ওপেনার ও আগের ম্যাচে সেঞ্চুরি করা ক্রিস গেইল। তাকে বসিয়ে রেখে দলের ব্যাটিং ইনিংস ওপেন করেছেন আন্দ্রে ফ্লেচার ও জনসন চার্লস। ক্যারিবীয়দের জয়ে মূল ভূমিকাই রেখেছেন ফ্লেচার। ৬৪ বল মোকাবেলা করে দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করে অপরাজিত ছিলেন তিনি।
এ ছাড়া আন্দ্রে রাসেল ৮ বলে অপরাজিত ২০ রান করে ওয়েস্ট ইন্ডিজকে ১০ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে দেন। ১৮.২ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ১২৭ রান তুলেছে ক্যারিবীয়রা।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি শ্রীলঙ্কার। দলীয় ২০ রানে ওপেনার তিলকরত্নে দিলশান বিদায় নিয়েছেন। সেখান থেকে দলীয় ৪১ রানে পৌঁছাতে আরও ২ উইকেট হারিয়েছে অ্যাঞ্জেলো ম্যাথুসের দল। এরপর দলীয় ৪৭ রানে পর পর আরও ২ উইকেট হারিয়েছে তারা।
ইনিংসের ৯ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৪৯ রান করা শ্রীলঙ্কা তাই ছিল চাপের মুখেই। সেই অবস্থা থেকে লঙ্কানদের কিছুটা স্বস্তিকর পরিবেশে এনে দিয়েছে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস ও পেসার থিসারা পেরেরা। এই জুটিতে ৪৪ রান পেয়েছে শ্রীলঙ্কা। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান (২৯ বলে) রান করেছেন পেরেরা। ম্যাথুস করেছেন ৩২ বলে ২০ রান।
মূলত এই ২ ব্যাটসম্যানের ব্যাটে চড়েই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২২ রানের সন্মানজনক পুঁজি পেয়েছে শ্রীলঙ্কা। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩ উইকেট নিয়েছেন লেগ স্পিনার স্যামুয়েল বদ্রি। এ ছাড়া ২ উইকেট নিয়েছেন ডোয়াইন ব্র্যাভো।
প্রসঙ্গত, আসরে দুই দলের জন্য এটি ছিল দ্বিতীয় ম্যাচ। এর আগে দুটি দলই নিজ নিজ প্রথম ম্যাচে জয় পেয়েছিল। শ্রীলঙ্কাকে হারানোর পর টানা ৪ পয়েট নিয়ে গ্রুপ-ওয়ান’র শীর্ষে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
এবি





