লা লিগায় চলতি মৌসুমে নিজেদের শেষ ম্যাচে জয় পেয়েছে সাবেক চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এদিন ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই একাদশ সাজাতে হয়েছিল কোচ কার্লো আনচেত্তিকে। তবে ফিফা ব্যালন ডি'অর জয়ী তারকাকে ছাড়াও এস্পানিয়লের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে মাদ্রিদের ক্লাবটি।
শনিবার রাতে নিজেদের মাঠ স্যান্টিয়াগো বার্নব্যুতে এস্পানিয়লকে স্বাগত জানায় রিয়াল। কিন্তু লা লিগায় মৌসুমের শেষ ম্যাচটিতে মাঠে নামতে পারেননি পর্তুগীজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো।
রিয়াল ভায়োদোয়িদের বিপক্ষে ১-১ গোলে ড্র করা ম্যাচে পেশির টান পড়ায় সেল্টা ভিগোর বিপক্ষে গত ম্যাচে মাঠে নেমেছিলেন না রোনালদো। ২৯ বছর বয়সী তারকা শনিবার মাঠে নামার সামান্য আগে ম্যাচ থেকে সরে দাঁড়ান। অবশ্য ক্লাব জানিয়েছে, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের পূর্ব সতর্কতা হিসেবে এই ম্যাচেও নামেননি। আগামী সপ্তাহে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লিসবনে দেখা যাবে তাকে।
ম্যাচটিতে প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে দলকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের গ্যারেথ বেল।
এর তিন মিনিট পর করিম বেনজেমা চোট নিয়ে মাঠ ছাড়েন। বদলি খেলোয়াড় হিসেবে খেলতে নামেন মোরাতা। খেলার বাকি সময় মাঠে থেকে জোড়া গোল করেছেন তিনি। ৮৬ মিনিটে রিয়ালবে ডাবল লিড এনে দেন এই তারকা। তবে ৯০ মিনিটে সফরকারী দলের পিজ্জি একটি গোল শোধ করে দেন। কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটে জোড়া গোল পূর্ণ করেন মোরাতা। ফলে ৩-১ গোলের জয় নিয়ে লা লিগায় চলতি মৌসুমের ইতি টানে দলটি।
এই জয়ের পর মৌসুমে ৮৭ পয়েন্ট অর্জন করে রিয়াল মাদ্রিদ।
ঢাকা, ১৮ মে (টাইমনিউজবিডি) //জেডআই