দলীয় শৃঙ্খলাভঙ্গের কারণে বিশ্বকাপ চলার সময় দেশে ফেরত আসতে বাধ্য হওয়া পেসার আল-আমিন হোসেন পাকিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে প্রথম দুই ওয়ানডের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই দলে জায়গা পেয়েছেন ঘরোয়া টুর্নামেন্টে দারুণ পারফরম্যান্স করা ব্যাটসম্যান রনি তালুকদার। নেয়া হয়েছে ৫টি ওয়ানডে খেলা পেসার আবুল হাসানকেও।
বিশ্বকাপে তিন ম্যাচে মাত্র নয় রান করা ইমরুল কায়েস বাদ পড়েছেন। আর কাঁধের অস্ত্রোপচারের পর সম্পূর্ণ সেরে না ওঠায় দলে নেই উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হক।
বাদ পড়েছেন ওয়ানডের সেরা ওই টুর্নামেন্টে কোনো ম্যাচ না খেলা পেসার শফিউল ইসলাম ও স্পিনার তাইজুল ইসলাম।
আগামী ১৩ এপ্রিল ঢাকায় এসে পৌঁছাবে পাকিস্তান দল।
১৭, ১৯ ও ২২ এপ্রিল সিরিজের তিনটি ওয়ানডেই হবে ঢাকার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে।
২৪ এপ্রিল শের-ই-বাংলা স্টেডিয়ামে হবে বাংলাদেশ ও পাকিস্তানের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি।
দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে শুরু হবে ২৮ এপ্রিল। শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৬ মে।
ওয়ানডে সিরিজে বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, মুমিনুল হক, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, আরাফাত সানি ও আবুল হাসান।
জেডআই





