বিশ্বকাপের ফাইনাল ম্যাচে রেশ কাটতে না কাটতেই আবার মুখোমুখি হতে যাচ্ছে জার্মানি ও আর্জেন্টিনা। আগামী ৩ সেপ্টেম্বর এক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। এজন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার নতুন কোচ জেরার্ডো মার্টিনোর অধীনে এটি হবে তাদের নতুন যাত্রা। আলজান্দ্রো স্যাবেলার এ উত্তরসূরি দায়িত্ব নেওয়ার পরে বলেছিলেন, “স্যাবেলার রেখে যাওয়া দলকে নিয়েই তিনি সামনে এগিয়ে যেতে চান।” সেই কথা রাখতে স্যাবেলার ঘোষিত বিশ্বকাপ দলের ২৩ জনের দল থেকেই তিনি বেছে নিয়েছেন ২০ সদস্যের এই দল।
স্যাবেলার দলে থাকা তিনজন খেলোয়াড় মার্টিনোর দলে জায়গা পাননি। তারা হলেন বোকা জুনিয়র্সের মিডফিল্ডার ফারনান্দো গ্যাগো ও গোলরক্ষক অস্টিন ওরিন এবং নিউওয়েলস ওল্ড বয়েজের উইঙ্গার ম্যাক্সি রদ্রিগেজ।
তবে, মার্টিনোর দলে এ তিনজন ফুটবলার জায়গা না পেলেও তারা বাদ পরেন নি বলে জানায় আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন (এএফএ)। এএফএ থেকে জানানো হয় এ তিনজন তাদের ক্লাবের হয়ে প্রথম বিভাগ ফুটবলের জন্য প্রস্তুতি নিচ্ছে। তাই তাদের জার্মানির বিপক্ষে দলে রাখা হয়নি।
৩ সেপ্টেম্বরের ম্যাচের জন্য আর্জেন্টিনার ঘোষিত ২০ সদস্যের দল:
গোলরক্ষক: সার্জিও রোমেরো, মারিয়ানো আনদুজার।
ডিফেন্স: পাবলো জাবালেতা, ফেদেরেকো ফার্নান্দেজ, এজিকুয়েল গ্যারে, মার্কোস রোহো, হিগো ক্যাম্পাগনারো, মার্টিন ডেমিচেলিচ ও হোসে বাসান্তো।
মিডফিল্ডার: জাভিয়ের মাসচেরানো, লুকাস বিগলিয়া, রিকার্ডো আলভারেজ, আগুস্ত ফার্নান্দেজ, অ্যাঞ্জেল ডি মারিয়া ও এনজো পেরেজ।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, গঞ্জালো হিগুয়েন, সার্জিও আগুয়েরো, রদ্রিগো প্যালাসিও ও ইজিকুয়েল লাভেজ্জি।
ঢাকা, ২০ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই





