টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই কিনা বাংলাদেশ শিবিরে আইসিসি'র এই অযৌক্তিক হানা। আরাফাত সানী ও তাসকিন আহমেদ বিতর্কে কেমন জানি একটা গম্ভীর ভাব বাংলাদেশের ভক্ত অনুরাগীদের মন চূর্ণ-বিচূর্ণ করেছে। তেমনি ক্রিকেটবোদ্ধারাও এটাকে অযৌক্তিক বলেই আখ্যায়িত করেছেন।
টুর্নামেন্টের মাঝপথে সানী-তাসকিনকে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ করার বিষয়টিকে অযৌক্তিক বলে মনে করছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী ইয়ান চ্যাপেল।
সোমবার রাতে বেঙ্গালুরুতে চ্যাপেলের নিজের দেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। কিন্তু আসরের মাঝপথে হঠাৎ করেই সানী-তাসকিন দলের বাইরে চলে যাওয়ায় হতাশ চ্যাপেল।
ইএসপিএনক্রিকইনফোর এই ক্রিকেট বিশ্লেষক বলেন, আরাফাত সানী ও তাসকিন আহমেদ টুর্নামেন্টের মাঝপথ থেকে ছিটকে পড়লেন। এটা না করে, সমস্যা থাকলে টুর্নামেন্টে শুরুর আগেই ওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেত।
টুর্নামেন্টের মাঝপথে সানী-তাসকিনকে এভাবে নিষিদ্ধ করার কোনো যৌক্তিকতা আছে বলে মনে করেন না অস্ট্রেলিয়ার হয়ে ৭৫টি টেস্ট খেলা চ্যাপেল, 'এর কোনো যৌক্তিকতা আছে বলে মনে হয় না আমার। টুর্নামেন্টের মাঝপথ থেকে বাদ দেওয়া অত্যন্ত রূঢ় সিদ্ধান্ত।'
গুরুত্বপূর্ণ এই দুই বোলারকে হারানোর ক্ষত কাটিয়ে ওঠা বাংলাদেশের জন্য যে কঠিন ভেবে চ্যাপেল বলেন, ‘বাংলাদেশের জন্য আমার সমবেদনা থাকল। দুই গুরুত্বপূর্ণ বোলারকে হারানোর ক্ষত কাটিয়ে ওঠা তাদের জন্য খুবই কঠিন হবে।’
এমআইএস।





