মোহাম্মদ হাফিজের সেঞ্চুরিতে খুলনা টেস্টের দ্বিতীয় দিন নিজেদের করে নিয়েছে পাকিস্তান।

বুধবার শেষ আবু নাসের স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে এক উইকেটে ২২৭ রান সংগ্রহ করেছে সফরকারীরা। ফলে বাংলাদেশের চেয়ে মাত্র ১০৫ রানে পিছিয়ে আছে তারা।

জবাবে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারে তাইজুল ইসলামের পঞ্চম বলে হাফিজের ক্যাচ ধরেন মুশফিক। আম্পায়ার আউট দিলেও রিভিউতে বেঁচে যান পাকিস্তানের ওপেনার।

১২তম ওভারে তাইজুলের ৫ম বলে মুশফিকের হাতে ক্যাচ তুলে দেন পাকিস্তানের সামি আসলাম। কিন্তু আম্পায়ার সামিকে আউট না দিলে রিভিউ নেন দলনেতা মুশফিক। রিপ্লে দেখে তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানান।

এরপর শুরু হয় বাংলাদেশের ক্যাচ মিসের মহড়া। সাকিব আল হাসানের বলে মুশফিকুর রহিমকে ক্যাচ দেন আজহার আলী। বল গ্লাভসবন্দি করতে পারেননি বাংলাদেশের উইকেটরক্ষক। বল মাটিতে পড়ার আগে তালুবন্দি করার সুযোগ এসেছিল মাহমুদউল্লাহর সামনেও। কাজে লাগাতে পারেননি তিনি।

অভিষিক্ত মোহাম্মদ শহীদের বলে মুশফিককে আবার ক্যাচ দেন আজহার। ঝাঁপিয়ে পড়লেও বল গ্লাভসবন্দি করতে পারেননি বাংলাদেশের অধিনায়ক। ১১ রানের পর ২৮ রানে আবার জীবন পান আজহার।

দিনের বাকি অংশেও কোনো উইকেট শিকার করতে পারেনি স্বাগতিকরা। ১৩৭ রান নিয়ে মাঠ ছেড়েছেন মোহাম্মদ হাফিজ। ১৭৯ বলে ১২টি চার ও দুটি ছক্কায় এই স্কোর করেন তিনি।

হাফিজের সঙ্গে ৬৫ রান নিয়ে অপরাজিত আছেন আযহার আলী। ১৩৬ বল মোকাবিলা করে দুটি চার ও একটি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

এর আগে দিনের শুরুতে ২৩৬ রান ও ছয় উইকেট নিয়ে ব্যাট করতে নামা বাংলাদেশ মাত্র ৩৩২ রানেই অল আউট হয়ে যায়।

জেডআই