চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অর্ধশতক পার করেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের ৭৮ রানের লিডের জবাবে সতর্ক ব্যাটিং করছে সফরকারীরা।
বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৩২৬ রানে বাংলাদেশের ইনিংস শেষ হলে ব্যাট করতে নামে প্রোটিয়ারা। এখন পর্যন্ত ১৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫১ রান সংগ্রহ করেছে তারা। ক্রিজে আছেন স্টিয়ান ফন জিল (২৬) ও ডিন এলগার (২৫)।
টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে অলআউট হওয়ার আগে ৩২৬ রান করে স্বাগতিকরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি তাদের সর্বোচ্চ সংগ্রহ। ২০০৮ সালে চট্টগ্রামেই করা ২৫৯ রান ছিল আগের সর্বোচ্চ।
এদিন ৪ উইকেটে ১৭৯ রান নিয়ে খেলা শুরু করে বাংলাদেশ। বড় সংগ্রহ গড়তে অধিনায়ক মুশফিকুর রহিম ও সাকিব আল হাসানের দিকে তাকিয়ে ছিল স্বাগতিকরা। আত্মবিশ্বাসী সূচনা করলেও নিজের ইনিংস বড় করতে পারেননি মুশফিক (২৮)। ডেইল স্টেইনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি।
অতিথিদের জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন হাশিম আমলা। তাতে সিদ্ধান্ত পাল্টে মুশফিককে আউট দেন জুয়েল উইলসন।
এরপর ৮২ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকার বিপেক্ষে দলকে লিড এনে দেন সাকিব ও লিটন দাস। মাত্র তিন রানের জন্য অর্ধশতক পূরণ করতে পারেননি সাকিব আল হাসান। চার হাঁকাতে গিয়ে মাঠ থেকে বিদায় নেন তিনি। তবে ৫০ পূর্ণ করেই সাজঘরে ফেরেন লিটন। বোলারদের মধ্যে মোহাম্মদ শহীদের ১৯ বলে ২৫ রানই উল্লেখযোগ্য।
দক্ষিণ আফ্রিকার বোলার হারমার ও স্টেইন তিনটি করে উইকেট পান। ফিল্যান্ডার দুটি উইকেট নেন। বাকি দুটি পান জিল ও এলগার।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংস: ২৪৮; বাভুমা ৫৪, ডুপ্লেসিস ৪৮
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩২৬; মাহমুদুল্লাহ ৬৭, তামিম ৫৭, লিটন ৫০
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংস: ৫১/০
জেডআই





