এশিয়ান গেমসের স্বর্ণ ধরে রাখার মিশনে বুধবার মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল। ইনচনের ইউয়েনহুয়ি স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১১টায় কোয়ার্টার ফাইনালে কুয়েতের মুখোমুখি হবে মাশরাফিরা।
এ ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার ম্যাচ ভেন্যুতে কঠোর অনুশীলন করেছে ক্রিকেটাররা। এবারের আসরে পাকিস্তান ও ভারত না থাকায় চাপটা কম থাকলেও কুয়েতকে খাটো করে দেখছেনা বাংলাদেশ। এ কারণেই অনুশীলনে সিরিয়াস দেখা গেছে সবাইকে।
এ ম্যাচের মধ্যদিয়েই নিষেধাজ্ঞা কাটিয়ে দলের হয়ে মাঠে নামবে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নাসির, মিঠুন আলী, শামসুর রহমান শুভ ও রোমান ছাড়া বাকি সবাই এবারের এশিয়ান গেমসে প্রথমবারের মত খেলছে।
সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ক্যারিবীয়দের কাছে হোয়াইট ওয়াশ হওয়ায় যে চাপে আছে বাংলাদেশ এই ম্যাচে জয় দিয়েই হারের সেই বৃত্ত থেকে বের হতে চায় তারা।
তাইতো অনুশীলন শেষে অধিনায়ক মাশরাফি বলেন, কুয়েত অতটা শক্তিশালী না হলেও আমরা আমাদের সেরা খেলাটাই খেলবো। উইকেটের বিষয়ে মাশরাফি বলেন, প্রথম প্রথম মেয়েদের ক্রিকেটে উইকেট একটু খারাপ ছিলো, কিন্তু এখন বেশ ভালো, ব্যাটে বল আসছে।
এদিকে প্রথমবারের মত কোনো আরব দেশের প্রতিনিধিত্ব করছে কুয়েত। তাই এ ম্যাচ নিয়ে তাদের কৌতুহলটা একটু বেশী। খেলতে এসেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে অনেকটা ফুরফুরে মেজাজে আছে তারা।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে কুয়েত দলের ম্যানেজার মোহাম্মদ টি বি হোসেন বলেন, আমরা ক্রিকেটে অনেক নবীন দল, বাংলাদেশের সাথে ম্যাচটা আমাদের জন্য একটা নতুন অভিজ্ঞতা। আমাদের দলে সব খেলোয়াড়ই কুয়েতের। তবে মজার ব্যাপার হলো দলের ওপেনিং ব্যাটসম্যান ৫৬ বছর বয়সী একজন ক্রিকেটার।
জেআই,





