ইংল্যান্ডকে গুড়িয়ে দেয়ার ম্যাচে দেশের হয়ে সবচেয়ে সেরা বোলিং করার কৃতিত্ব গড়লেন নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। শুক্রবার ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে বিশ্বকাপেরও তৃতীয় সেরা বোলিং করার নজির গড়েন নর্থল্যান্ডের ২৬ বছর বয়সী পেসার।

২০০৫ সালে ভারতের বিপক্ষে এক ম্যাচে ছয় উইকেট নিয়ে নিউজিল্যান্ডের পক্ষে সেরা বোলিং ফিগারের মালিক হয়েছিলেন বিশ্বের দ্বিতীয় দ্রুততম গতিময় বোলার শেন বন্ড। ১০ বছর বাদে সেই রেকর্ড ভাঙলেন টিম সাউদি। এদিন ইংল্যান্ডের বিপক্ষে ৯ ওভার বল করে মাত্র ৩৩ রানের বিনিময়ে সাতটি উইকেট নেন তিনি।

সাউদির বাড়তি পাওয়া বিশ্বকাপে তৃতীয় সেরা বোলিংয়ের রেকর্ড। ২০০৩ বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে মাত্র ১৫ রানে সাত উইকেট নিয়েছিলেন অসি পেস কিংবদন্তি গ্লেন ম্যাকগ্রা। এরপর ২০ রানে ৭ উইকেট নিয়েছিলেন আরেক অস্ট্রেলিয়ান অ্যান্ডি বিকেল। সেই দুই রেকর্ডের পরেই সাউদির বোলিং রেকর্ড।

উইকেট বিবেচনায় তিনজনই একই বিন্দুতে। তবে রান দেয়ার বিবেচনায় তিন নম্বরে সাউদি।

জেআই