ব্রাজিল বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার। উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে স্বাগতিকরা। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। বাংলাদেশ সময় রাত দুইটায় খেলাটি শুরু হবে। সাও পাওলোর মাঠে জয় নিয়ে 'হেক্সা সিক্সে'র মিশন শুরু করবে কোচ ফিলিপ লুইজ স্কলারির শিষ্যরা।
৬৪ বছর আগে একবার স্বাগতিক হয়েছিল ব্রাজিল। ১৯৫০ বিশ্বকাপে ফাইনালে উরুগুয়ের কাছে শিরোপা হাতছাড়া করে দলটি। এবার সেই দু:খ ঘুচাতে লড়াই শুরু করবে নেইমাররা। কিন্তু মঙ্গলবার ভয় পাইয়ে দিয়েছিলেন দলটির সেরা তারকা। বাম পায়ের গোড়ালিতে হালকা চোট পেয়েছিলেন বার্সা তারকা। তবে তার মাঠে নামা নিয়ে বেশি দুশ্চিন্তার কিছু নাই।
গত বছর কনফেডারেশন কাপে ঝলক দেখিয়েছিল ব্রাজিল। ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে ৩-০ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতে স্বাগতিকরা। একই একাদশ নিয়ে ঘরের মাঠে বিশ্বকাপের লড়াইয়ে নামতে পারে ২০০২ বিশ্বকাপজয়ী কোচ। যেখানে নেইমার, ফ্রেডের সঙ্গে থাকছেন অস্কার, হাল্কের মতো তারকারা।
এদিকে ক্রোয়েশিয়া কোচ নিকো কোভাকের কোনো উচ্চাশা নেই। দলটির কয়েকজন সেরা তারকা ইনজুরি নিয়ে সাইড লাইনে থাকছেন। তবুও ব্রাজিলকে প্রতিরোধ করতে সর্বোচ্চ চেষ্টা করে যাবে তার শিষ্যরা।
এর আগে বিশ্বকাপে একবারই মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও ক্রোয়েশিয়া। ২০০৬ সালে বার্লিনে কাকার একমাত্র গোলে জয় পেয়েছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এখন পর্যন্ত বিশ্বকাপে স্বাগতিক দেশগুলো নিজেদের প্রথম ম্যাচে হারেনি। গত ১৯ বিশ্বকাপে ১৪টি দেশ জয় পেয়েছে। আর বাকি ম্যাচগুলো ড্র হয়েছে। ১৯৫০ বিশ্বকাপের আয়োজক ছিল ব্রাজিল। উদ্বোধনী ম্যাচে মেক্সিকোকে ৪-০ গোলে হারিয়েছিল দলটি। আর ব্রাজিলই একমাত্র দল যারা কোনো বিশ্বকাপ মিস করেনি।
গত ১২টি উদ্বোধনী ম্যাচের মধ্যে আটটিতেই এক গোল বা তার কম গোল হয়েছে। তবে বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের মালিক সেলেকাওরা। মোট ২১০টি গোল করেছে তারা। সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও ব্রাজিলের। ৬৭ ম্যাচে জয় পেয়েছে দলটি।
বিশ্বকাপের গ্রুপ পর্বে শেষ নয় ম্যাচের ৮টিতে জয় পেয়েছে ব্রাজিল। বাকি ম্যাচটিতে ড্র করেছে তারা। গ্রুপ পর্বে সর্বশেষ ১৯৯৮ সালে হেরেছিল তারা। নরওয়ের কাছে ২-১ গোলে হেরেছিল দলটি।
এদিকে লাল কার্ড দেখায় রেকর্ড গড়েছে ক্রোয়েশিয়া। গত নয়টি বিশ্বকাপে ছয়টি লাল কার্ড দেখেছে দলটির ফুটবলাররা।
ব্রাজিল একাদশ (সম্ভাব্য): গোলরক্ষক- জুলিও সিজার, ডিফেন্ডার-দানি আলভেজ, ডেভিড লুইজ, থিয়াগো সিলভা, মার্সেলো, মধ্যমাঠ-পাওলিনহো, গোস্তাভো,অস্কার, ফরোয়ার্ড-হাল্ক, নেইমার ও ফ্রেড।
ক্রোয়েশিয়া একাদশ (সম্ভাব্য): প্লেটিকোসা, স্রনা, কোরলুকা, লোভরেন, ভ্রাসালজকো, মড্রিক, র্যা কিটিক, ইডুয়ার্ডো, কোভাকিক, পেরিসিক, জেলাভিক।
ঢাকা,১২ জুন (টাইমনিউজবিডি) //জেডআই





