চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। আর প্রতিদিনই নতুন নতুন দেশে ছড়িয়ে পড়ছে এই ভাইরাসটি। এখন পর্যন্ত বিশ্বের অন্তত ১৩১টি দেশে ছড়িয়ে পড়েছে।

করোনাভাইরাস আতঙ্কের মধ্যেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল।

সফরের প্রথম ম্যাচটি বৃহস্পতিবার (১২ মার্চ) বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

আর শেষ দুই ম্যাচ দর্শকশূন্য ফাঁকা স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

তবে করোনাভাইরাস আতঙ্কের কারণে শেষ দুই ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

ওয়ানডে সিরিজটি বাতিল হওয়ায় দেশে ফিরে যাচ্ছেন ডি কক ও ফাফ ডু প্লেসিসরা। লক্ষ্ণৌ থেকে দিল্লি যাবে দক্ষিণ আফ্রিকা দল। সেখান থেকে দেশে ফিরে যাবে তারা। তবে আপাতত বাতিল হয়ে যাওয়া এই একদিনের সিরিজ খেলতে পরবর্তী সময়ে আবার ভারতে ফিরে আসবে দক্ষিণ আফ্রিকা।

এদিকে ইংল্যান্ডের শ্রীলঙ্কা সফরও বাতিল হতে যাচ্ছে। ব্রিটিশ ক্রিকেটারদের শ্রীলঙ্কা থেকে দেশে ফিরে যেতে বলেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। তথ্য সূত্র- জি নিউজ

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে শুক্রবার (১৩ মার্চ) পর্যন্ত ১ লাখ ৩৭ হাজারেরও বেশি আক্রান্ত হয়েছেন। আর মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে।

এমবি