বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ হেরে এই মুহূর্তে টালমাটাল অবস্থা পাকিস্তানের। ক্রিকেটের সবচেয়ে বড় এই টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে জিম্বাবুয়ের মুখোমুখি হয়েছে মিসবাহ-উল-হকের দল।
রোববার ‘গ্যাবা’ নামে পরিচিত ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ।
এই ম্যাচে বাদ পড়েছেন পাকিস্তানের ব্যাটসম্যান ইউনুস খান। তার বদলে দলে এসেছেন পেসার রাহাত আলী।
৯২’র বিশ্বকাপে খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হওয়া পাকিস্তান এবারের আসরে হার দিয়ে শুরু করে তাদের বিশ্বকাপ মিশন। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর ওয়েস্ট ইন্ডিজের কাছেও উড়ে গেছে পাকিস্তান।
তবে পরিসংখ্যান কথা বলছে পাকিস্তানের হয়ে। এর আগে কোনো আসরেই টানা তিন ম্যাচ হারেনি পাকিস্তান। পাকিস্তান ও জিম্বাবুয়ের এ পর্যন্ত ৪৭ বার মুখোমুখিতে মাত্র তিনবার শেষ হাসি হেসেছে আফ্রিকার দলটি।
এ ম্যাচের আগে সাম্প্রতিক সময়ের সর্বশেষ ৫টি ম্যাচের ৫টিই হেরেছে পাকিস্তান আর ৫টি ম্যাচের একটিতে জয় পেয়েছে জিম্বাবুয়ে।
পাকিস্তান দলঃ আহমেদ শেহজাদ, নাসির জামসেদ, হারিস সোহেল, মিসবাহ উল হক, উমর আকমল, সোয়েব মাকসুদ, শহীদ আফ্রিদি, রাহাত আলী, মোহাম্মদ ইরফান, সোহেল খান এবং ওয়াহাব রিয়াজ।
জিম্বাবুয়ে দলঃ এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, তেন্দাই চাতারা, চামু চিভাভা, ক্রেইজ আরভিন, হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মিরে, মুপারিওয়া, তিনাশে পানিয়াঙ্গারা।
এএইচ





