বিগ ব্যাশের প্রচার স্বত্ব পাওয়া চ্যানেল টেনের নারী উপস্থাপিকার সঙ্গে সোমবার অযথাযথ আচরণের জন্য বিপাকে পড়েছেন ক্রিস গেইল। বিষয়টিকে ভালোভাবে নেয়নি চ্যানেল টেন ও বিগ ব্যাশ কর্তৃপক্ষ।
বোকামির দণ্ড দিতে হচ্ছে মারকুটে এই ব্যাটসম্যানকে। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে ১০ হাজার অস্ট্রেলিয়ান ডলার (৭ হাজার ২০০ ইউএস ডলার) জরিমানা করা হয়েছে।
উপস্থাপিকা মেলানি ম্যাকলাফলিন গেইলের মন্তব্যের বিষয়ে বলেন, ‘আমি কিছুটা হতাশ। কারণ এমন কিছু শুনে আমি অভ্যস্ত নই। এমন কথপোকথনের বিষয়বস্তু হতে কখনো চাইনি আমি।’
এমন কাণ্ডের জন্য গেইল অবশ্য ক্ষমা চেয়েছেন। জানিয়েছেন নিছক মজা করার জন্যই এমনটি বলেছিলেন তিনি।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা বিগ ব্যাশ টুর্নামেন্টে সোমবার রাতে হোবার্ট হারিকেন্সের মুখোমুখি হয়েছিল গেইলের দল মেলবোর্ন রেনেগেডস।
হারিকেন্সের দেওয়া ১৪১ রানের জবাবে রেনেগেডসের হয়ে ১৫ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলে কেবল ডাগ আউটে এসেছেন গেইল।
ওই সময় গেইলের সাক্ষাৎকার নিতে আসেন বিগ ব্যাশ সম্প্রচার সংস্থা চ্যানেল টেনের নারী সাংবাদিক মেলানি ম্যাকলাফলিন।
সাক্ষাৎকার দিতে গিয়ে সাংবাদিক ম্যাকলাফলিনকে গেইল বলেন, ‘আমি তোমাকে সাক্ষাৎকার দেব বলেই আউট হয়ে এসেছি।
প্রথম দেখাতেই তোমার চোখদুটো আমার দারুণ লেগেছে। আশা করি আমরা ম্যাচটা জিততে পারব। চল না ম্যাচ শেষে ড্রিংস করি।’
গেইল অবশ্য হাসতে হাসতেই কথাগুলো বলছিলেন। কিন্তু ব্যাপারটা ক্ষুব্ধ করেছে ওই নারী সাংবাদিককে, সম্প্রচার সংস্থা চ্যানেল টেনসহ বিগ ব্যাশ কর্তৃপক্ষকে। ব্যাপারটাকে ভালোভাবেই নেয়নি কেউই।
বিগ ব্যাশ কর্তৃপক্ষ গেইলের মন্তব্যকে ‘অনভিপ্রেত’ ও ‘অগ্রহণযোগ্য’ হিসেবে অভিহিত করেছে। ব্যাপারটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তুমুল সমালোচনা চলছে।
ব্যাপারটা নিয়ে বিগ ব্যাশের প্রধান অ্যান্থনি এভারার্ড এক বিবৃতিতে বলেছেন, ‘আমি গেইলের মন্তব্য শুনেছি। তার এমন মন্তব্য সত্যিই অসম্মানজনক ও অগ্রহণযোগ্য।
কারণ এই লিগটা নারীরাসহ অপ্রাপ্ত বয়স্ক অনেকেই দেখছে। আমরা ব্যাপারটা নিয়ে ওর এবং রেনেগেডসের সঙ্গে কথা বলব।’
গেইল অবশ্য বুঝতে পারেননি ব্যাপারটা এতদূর গড়াবে। নিজের ‘কৃতকর্মে’র জন্য ক্ষমাও চেয়েছেন এই ক্যারিবিয়ান।
মঙ্গলবার মেলবোর্ন বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গেইল বলেন, ‘আমার মন্তব্যে সাংবাদিক ম্যাকলাফলিন যদি অসম্মানবোধ করেন তাহলে আমি তার কাছে ক্ষমা প্রার্থী।
আমি যে মন্তব্য করেছি, তা সম্পূর্ণ মজা করে করা। তাকে অসম্মান করার কোনো উদ্দেশ্য আমার ছিল না।’
এমকে





