পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২৩৩ রান সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশ। আর এই রান করতেই সবকটি উইকেট হারিয়েছে টিম বাংলাদেশ। আগামীকাল (শনিবার) সকালে ব্যাটিং শুরু করবে পাকিস্তান।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি তামিম-মাহমুদুল্লাহরা। স্বাগতিকদের বোলিং দাপটে প্রথম দু’ওভারেই দুই ওপেনারকে হারায় সফরকারীরা।

নতুন অভিষেক হওয়া সাইফ হাসান ফেরেন কোনো রান না করেই। তামিম ফেরেন ৩ রান করে। ৩ রানে ২ উইকেট হারিয়ে শুরুতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ১০৭ রানে ৫ উইকেট হারান তারা।

বিপর্যয় কাটাতে নাজমুল ইসলম শান্তকে নিয়ে বড় স্কোর দাঁড় করানোর চেষ্টা করলেও বেশিদূর এগোতে পারেননি অধিনায়ক মুমিনুল হক। শাহিন শাহ আফ্রিদির বলে কাভার ড্রাইভ খেলতে গিয়ে আসাদ শফিকের হাতে ধরা পড়েন তিনি। দলীয় ৬২ রানের মাথায় ৩০ রান করে সাজঘরে ফিরতে হয় তাকে। ৫ চারের মারে এ রান করেন তিনি।

শান্তর সাথে যোগ দেন মাহমুদুল্লাহ। তবে স্কোর বড় করাই আগেই ফিরতে হয় তাদের। লাঞ্চ ব্রেকের পর দুজনই আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। মোহাম্মদ আব্বাসের বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হন শান্ত আর শাহিন শাহ আফ্রিদির বলে আসাদ শফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মাহমুদুল্লাহ। ১১০ বলে ৬ চারের মারে ৪৪ রান করেন শান্ত। মাহমুদুল্লাহ ৪ চারের মারসহ ৪৮ বলে করেন ২৫ রান।

দলীয় রান যখন ১৬১ তখন লিটন দাসের আউটের মাধ্যমে ৬ উইকেট হারায় বাংলাদেশ। ৪৬ বলে ৩৩ রান করে লিটন বিদায় নিলে দলের হাল ধরেন মিথুন। দলের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন তিনি। ১৪০ বলে ৭ চার ও এক ছয়ের মারে এ রান আসে তার।

মিথুনকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন তাইজুল ইসলাম। দলীয় ২১৪ রানের মাথায় আউট হন তাইজুল। হারিস সোহেলের বলে ইয়াসির শাহের হাতে ক্যাচ তুলে দেন তিনি। এর আগে ৭২ বলে ৪ চারের মারে ২৪ রান করেন তিনি।

তাইজুলের বিদায়ের পর একে একে বিদায় নেন রুবেল হোসেন, মিথুন ও আবু জায়েদ। ৮২.৫ ওভার শেষে ২৩৩ রানে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।

পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদি ৪টি, মোহাম্মদ আব্বাস নিয়েছেন ২টি, হারিস সোহেল ২টি ও ইয়াসির শাহ নিয়েছেন ১টি উইকেট।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, ইবাদত হোসেন, রুবেল হোসেন।

পাকিস্তান একাদশ: আজহার আলি, আবিদ আলি, শান মাসুদ, বাবর আজম, আসাদ শফিক, হারিস সোহেল, মোহাম্মদ রিজওয়ান, ইয়াসির শাহ, মোহাম্মদ আব্বাস, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ।

এমবি