বিশ্বকাপ নিয়ে চাপে আছে সব দলই। চাপটা বেশি থাকে বেশি প্রত্যাশী দলের। আর সেদিক থেকে প্রত্যাশাটা কম নয় আর্জেন্টিনা ও ব্রাজিলের। তবে আর্জেন্টাইন তারকা ডি মারিয়া জানিয়েছেন, বিশ্বকাপ জিততে তাদের চেয়ে নেইমাররা বেশি চাপে আছে।
সেলেকাওরা এখন পর্যন্ত মোট পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। নিজেদের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের আগে কনফেডারেশন কাপে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে হারিয়েছে তারা। তাই এবার বিশ্বকাপটাও তাদের জেতা উচিত বলে জানিয়েছিলেন কোচ লুইস ফিলিপ স্কলারির শিষ্যরা।
এদিকে প্রথম বিশ্বকাপে রানার্স-আপ হওয়া আর্জেন্টিনা প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের স্বাদ পায় ১৯৭৮ সালে। এখন পর্যন্ত মাত্র দুইবার শিরোপাটি জিততে পেরেছে তারা। তবে এবার নিজ মহাদেশে অনুষ্ঠিত ফুটবলের মহাযজ্ঞে ব্রাজিলের চেয়ে বেশি সুবিধাজনক স্থানে থাকবেন বলে প্রত্যাশা ডি মারিয়ার। ‘ফক্স স্পোর্টস’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে কনফেডারেশন কাপ জিতেছে ব্রাজিল। তাদের এ জন্য আত্মবিশ্বাসী হওয়া উচিত। তবে তারা আমাদের চেয়ে বেশি চাপে আছে।’
২৬ বছর বয়সী এই তারকা আরো বলেন, ‘প্রত্যেকেই জানে যে এটা জেতা সহজ নয়। আর এ জন্যই অনেক বছর ধরে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হতে পারেনি। এমনকি ফাইনালেও খেলতে পারেনি।’
‘আমাদের শান্ত থাকার জন্য অনেক কিছুই রয়েছে। আমরা এটা জয় করতে পারি। কারণ আমাদের দলে বিশ্বসেরা ক্লাবগুলোর বিশ্বসেরা খেলোয়াড়রা রয়েছে।’
রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমটি দারুণ কাটিয়েছেন ডি মারিয়া। ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাসহ কোপা ডেল রে জিতেছেন তিনি।
ঢাকা, ৪জুন (টাইমনিউজবিডি) //জেডআই