এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন এশিয়া কাপের দ্বাদশ আসরের পর্দা উঠেছে আজ মঙ্গলবার। ফতুল্লাহর খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে গত আসরের চ্যাম্পিয়ন পাকিস্তান ও শ্রীলংকা। স্থানীয় সময় বেলা ২টায় শুরু হওয়া ম্যাচটিতে প্রথমে ব্যাট করছে শ্রীলংকা।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৫ ওভারে এক উইকেট হারিয়ে ৬৭ রান সংগ্রহ করেছে শ্রীলংকা। ৩২ রান করা থিরিমান্নের সঙ্গে ১৮ রান নিয়ে ক্রিজে আছেন কুমার সাঙ্গাকারা।
এশিয়া কাপের আগে বাংলাদেশের মাটিতেই স্বাগতিকদের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছে শ্রীলংকা। এতে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার সঙ্গে এখানের আবহাওয়ার সঙ্গেও খাপ খেয়ে নিয়েছে তারা। যদিও ফতুল্লাহর মাঠে একটি ম্যাচও খেলেননি অ্যাঞ্জেলো ম্যাথুসরা।
পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে শুরুর জয়টা পায় লংকানরা। টস জিতে শুরুতেই ব্যাটিং বেছে নিয়েছেন দলনেতা ম্যাথুস। তবে দলীয় ২৮ রানে উমর গুলের বলে উইকেটরক্ষক উমর আকমলের তালুবন্দী হন ওপেনার কুসল পেরেরা (১৪)। এরপর থিরিমান্নের সঙ্গে যোগ দিয়ে দলের রানের চাকা সচল রেখেছেন ওয়ানডাউনে নামা সাঙ্গাকারা।