চতুর্থ দিন শেষে গল টেস্টের নিয়ন্ত্রণ পাকিস্তানের হাতে। দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হাতে নিয়ে ৫৪ রানে পিছিয়ে স্বাগতিক শ্রীলংকা। প্রথম ইনিংসে শ্রীলংকার ৩০০ রানের জবাবে আসাদ শফিকের সেঞ্চুরিতে ৪১৭ রানে অলআউট হয় পাকিস্তান। প্রথম ইনিংসে ১১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে ২ উইকেটে ৬৩ রান তুলেছে শ্রীলংকা।
৫ উইকেটে ১১৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে পাকিস্তান। ১৫ রান নিয়ে শুরু করে সেঞ্চুরির সম্ভাবনা তৈরি করেন সরফরাজ আহমেদ। কিন্তু নিজের ভুলে ৯৬ রানে থামতে হয় তাকে। তবে ঠিকই টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নেন ১৪ রান নিয়ে শুরু করা আসাদ শফিক। মূলত তার সেঞ্চুরিতেই প্রথম ইনিংসে পাকিস্তানের ইনিংস যেতে সক্ষম হয় ৪১৭ রানে। শফিকের ১৩১ ছাড়াও শেষ দিকে ৫৬ রানের মূল্যবান ইনিংস খেলেন জুলফিকার বাবর। শ্রীলংকার পক্ষে ৪ উইকেট শিকার করেছেন দিলরুয়ান পেরেরা।
প্রথম ইনিংসে ১১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালো করতে পারেনি শ্রীলংকা। দলীয় ১৮ রানে প্রথম ব্যাটসম্যান হিসেবে প্যাভিলিয়নে ফিরেন প্রথম ইনিংসে ১২৫ রান করা কুশাল সিলভা। এই ইনিংসে সিলভা করেন মাত্র ৫ রান।
এরপর প্রাথমিক ধাক্কা সামাল দেন দিমুথ করুনারত্নে ও কুমার সাঙ্গাকারা। তবে জুটিতে ৪৫ রানের বেশি যোগ করতে পারেননি তারা। কারণ ব্যক্তিগত ১৮ রানে থামেন সাঙ্গাকারা। এরপর দিনের বাকী ১১ বল পেরেরাকে ভালোভাবে কাটিয়ে দেন করুনারত্নে। পেরেরা শূন্য ও করুনারত্নে ৩৬ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।
সংক্ষিপ্ত স্কোর কার্ড :
শ্রীলংকা : ৩০০/১০ ও ৬৩/২, ২১ ওভার (করুনারতেœ ৩৬*, সাঙ্গাকারা ১৮, ওয়াহাব ১/১১)।
পাকিস্তান : ৪১৭/১০, ১১৩.১ ওভার (শফিক ১৩১, সরফরাজ ৯৬, পেরেরা ৪/১২২)।
জেডআই





