সর্বশেষ টি২০ বিশ্বকাপ হয়েছিল ২০১৬ সালে ভারতে। আগে দুই বছর পর হতো ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বড় আসর। তবে নিয়ম বদলে এখন ওয়ানডের মতো টি২০ বিশ্বকাপও চার বছর পরপর অনুষ্ঠিত হবে।
এরই ধারাবাহিকতায় ২০২০ টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া। নারী এবং পুরুষ দুটি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। গ
মঙ্গলবার ছেলে এবং মেয়েদের বিশ্বকাপের ভেন্যু চূড়ান্ত করে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ২০১৫ বিশ্বকাপের ফাইনালও হয়েছিল দর্শক ধারণক্ষমতার দিক দিয়ে বিশ্বের মধ্যে সবচেয়ে বড় এ ভেন্যুতে। এবারই প্রথম টি২০ বিশ্বকাপ আয়োজন করছে অস্ট্রেলিয়া।
এই টুর্নামেন্ট এবারই গড়তে যাচ্ছে ইতিহাস। এতদিন ছেলে-মেয়েদের ইভেন্ট একসঙ্গে চলে আসছিল। তবে ২০২০ সালে দুটি টুর্নামেন্টই মাঠে গড়াবে আলাদাভাবে।
২১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ। ৮ মার্চ বিশ্ব নারী দিবসের কথা মাথায় রেখেই ওইদিন ফাইনাল রাখে আইসিসি।
আর ছেলেদের ইভেন্ট হবে ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত। আট ভেন্যুতে অনুষ্ঠিত হবে দুটি ইভেন্ট। ভেন্যুগুলো হলো- অ্যাডিলেড, ব্রিজবেন, ক্যানবেরা, জিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ এবং সিডনি।
বিশ্বের সেরা ১০টি নারী এবং সেরা ১৬টি পুরুষ দল ২০২০ সালে অস্ট্রেলিয়ায় টি২০ বিশ্বকাপের ট্রফির জন্য লড়বে। এবার পুরুষদের বিশ্বকাপে পরিবর্তন এসেছে।
আগে ছিল সুপার টেন। টি২০ র্যাংকিংয়ের সেরা আটটি দল সরাসরি সুপার টেনে খেলেছিল। বাকি দুটি দল দুই গ্রুপ থেকে প্রথম পর্ব থেকে মূল পর্বে উঠেছিল।
বাংলাদেশও গত আসরে প্রথম পর্বে খেলেছিল। এবার প্রথম পর্ব থেকে উঠবে চারটি দল। আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে খেলবে।
সেখান থেকে চার দল সুপার টোয়েলভে উঠবে। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে টি২০ র্যাংকিংয়ে সেরা আটে যে দেশগুলো থাকবে তারা সরাসরি সুপার টোয়েলভে খেলবে।
বর্তমানে টি২০ র্যাংকিংয়ে আফগানিস্তানেরও (৯) নিচে বাংলাদেশ ( ১০)। সামনে শ্রীলংকার বিপক্ষে টি২০ সিরিজ। এর পর মার্চে শ্রীলংকায় স্বাধীনতা কাপ টি২০তে ভালো করলে সেরা আটে ওঠার সম্ভাবনা আছে টাইগারদের।
এমআর





