দেখতে দেখতে পর্দা নামার কাছাকাছি ব্রাজিল বিশ্বকাপ। ইতোমধ্যে শেষ হয়ে গেছে কোয়ার্টার ফাইনালের লড়াই। শেষ আট থেকে চারটি দল টিকিট পেয়েছে সেমিফাইনালে খেলার। বাকি চারটি দেশের উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছে।
কোয়ার্টার ফাইনাল শুরু হয় ৪ জুলাই। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও জার্মানি। এই ম্যাচে ডিফেন্ডার মাটস হামেলসের একমাত্র গোলে শেষ চার নিশ্চিত করে জার্মানি।
এদিকে নিজেদের মাটিতে হেক্সা সিক্স-এর মিশনে নামা ব্রাজিলও সেমিফাইনাল নিশ্চিত করেছে। লাতিন দেশ কলম্বিয়াকে ২-১ গোলে হারিয়েছে তারা। ব্রাজিলের দুই ডিফেন্ডার ডেভিড লুইজ ও থিয়াগো সিলভা দুটি গোল করেন। এদিকে পেনাল্টি শট থেকে একটি গোল শোধ করেন কলম্বিয়ার প্রাণভোমরা জেমস রদ্রিগেজ।
দ্বিতীয় দিনের লড়াইয়ে মুখোমুখি হয় বেলজিয়াম ও আর্জেন্টিনা। গঞ্জালো হিগুয়াইনের একমাত্র গোলে ম্যারাডোনার ১৯৯০ বিশ্বকাপের পর সেমিফাইনাল নিশ্চিত করেছে মেসির আর্জেন্টিনা।
শেষ ম্যাচে মধ্য আমেরিকার দেশ কোস্টা রিকাকে পরাস্ত করতে বেশ ঘাম ঝরাতে হয়েছে ইউরোপের পরাশক্তি নেদারল্যান্ডসকে। মূল লড়াইয়ের পর অতিরিক্ত সময়ও তারা গোলের দেখা পায়নি। অবশেষে টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায় তিনবারের রানার্স-আপ দলটি।
ঢাকা, ৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেডআই