বাংলাদেশী ব্যাটসম্যান তামিম ইকবালকে তার ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে সফরাকরীদের ইনিংসের পঞ্চম ওভারে হ্যামিল্টন মাসাকাদজার সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ায় তামিম। এতে আইসিসি'র আচারণ বিধি লঙ্ঘনের দায়ে তাকে শাস্তি দেয়া হয়েছে।
এদিকে তামিমকে জরিমানা করা হলেও মাসাকাদজাকে জরিমানা করা হয়নি। তবে তাকে তিরস্কার করে সতর্ক করে দেয়া হয়েছে।
তামিম, মাসাকাদজার বিরুদ্ধে অভিযোগ আনেন মাঠের দুই আম্পায়ার আনিসুর রহমান ও ক্রিস গ্যাফ্যানি এবং তৃতীয় আম্পায়ার শরফুদৌলা। তাদের অভিযোগে দুই খেলোয়াড়কে শাস্তি দেন ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে।
তামিম অভিযোগ স্বীকার করেছেন ও তার বিরুদ্ধে ঘোষিত শাস্তি মেনে নিয়েছেন। ফলে ডিসিপ্লিনারি কমিটিতে শুনানির প্রয়োজন হয়নি।
জেডআই





