আইসিসি পুন:সংস্কার বিষয়ক প্রস্তাবের বিরোধিতা করা শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি) এবার 'তিন দাদা'র সঙ্গেই হাত মিলিয়েছে। যদিও তাদের হাত মেলানোর আগেই ক্রিকেট বিশ্বে 'দাদাগিরি' করার সব ক্ষমতা পেয়েছে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। তবে এবার আর্থিক কথা বিবেচনা করে মঙ্গলবার প্রস্তাবের পক্ষে এসএলসির নির্বাহী পর্ষদের সবাই একমত হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারি সিঙ্গাপুরে অনুষ্ঠিত আইসিসি বোর্ড সভায় প্রতিযোগিতা ও অর্থনৈতিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তনে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের প্রস্তাবের পক্ষে আটটি দেশ সমর্থন দেয়। কিন্তু ভোটদানে বিরত থেকে আলোচনার জন্য আরো সময় চায় শ্রীলংকা ও পাকিস্তান ক্রিকেট বোর্ড। কিন্তু পূর্ণ সদস্য ১০টি দেশের মধ্যে আটটির সমর্থন থাকায় তাদের ভোট ছাড়াই প্রস্তাবটি পাস হয়ে যায়।
এখন 'তিন দাদা'র সঙ্গে হাত না মেলালে বিপদে পড়ে যাবে শ্রীলংকা। ভবিষ্যতে যদি ওই দেশ তিনটি শ্রীলঙ্কা সফরে না যায় তাহলে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হতে পারে লংকানদের।
এ বিষয় এসএলসির সচিব নিশান্থা রানাতুঙ্গা বলেছেন, 'যেসব মানুষ নীতির কথা বলে তারা আমাদের অর্থ দেবে না। এই সফরগুলো থেকেই আমাদের অর্থ উপার্জন করতে হবে।'