থাকার কথা ছিল ২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত। কিন্তু মাঝ পথেই বিদায় নিলেন জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কোচের এই সিদ্ধান্তে অবাক হয়েছে ক্রিকেটাঙ্গন। স্বেচ্ছায় দায়িত্ব থেকে অব্যাহতি নেয়া অন্যদের মতো মুশফিকুর রহিমকেও অবাক করেছে।

রবিবার (১২ নভেম্বর) ম্যাচ শেষে এ বিষয়ে কথা বলেন রাজশাহী কিংস দলের আইকন ক্রিকেটার মুশফিকুর রহিম। নিজের বিস্ময় প্রকাশ করে মুশফিক বলেন, ‘সিদ্ধান্ত কী হয়েছে, এখনও বলতে পারছি না। তবে আর সবার মত আমিও শকড। কারণ শেষ সফরেও আমরা একসঙ্গে ছিলাম, একসঙ্গে কাজ করেছি। জানি না কি কারণে হয়েছে।’

কোচের থাকা না থাকা নিয়ে ভাবছে না ক্রিকেটাররা। মুশফিক বলেন, ‘তবে সেটার দায়িত্বে বিসিবি আছে। এখন বিপিএল চলছে, অনেক বড় টুর্নামেন্ট। এর ভেতরে আমরা এখানেই মনোযোগ দিচ্ছি। বাইরের যা কিছু আছে, বিসিবির কাজ করছে।’

তিনি বলেন, ‘সব ঠিকঠাক হয়ে গেলে ভালো। না হলে সেটা বিসিবি ও কোচের ব্যাপার। কারণ আমরা শেষ সফরে ছিলাম। জানিও না কখনও কিভাবে এটা হলো। আমি কোনো মন্তব্য করতে পারব না। যেটাই হবে, আশা করি, আল্লাহ যা করবেন, ভালোর জন্যই করবেন। যত তাড়াতাড়ি সমাধান হয়, তত ভালো। বিপিএলের পর খুব দ্রুতই আমাদের সিরিজ আছে। যেটাই হোক, যেন খুব তাড়াতাড়ি মিমাংসা হয়।’