শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছে নিউজিল্যান্ড। সোমবার টেস্টর চতুর্থ দিনে ৮ উইকেটে জয় নিশ্চিত করেছে কিউইরা।

প্রথম ইনিংসে ফলো-অন এড়াতে না পারা শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে কিছুটা ঘুরে দাঁড়িয়েছিল। তবে তা হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। ওপেনার দিমুথ করুনারত্নের ১৫২ রানের সঙ্গে অধিনায়ক অ্যাঞ্জেলো মাথুসের হাফ-সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪০৭। এতে মাত্র ১০৬ রানের লিড নিতে পারে সফরকারীরা।

এই লক্ষ্য তাড়া করতে বেশি বেগ পেতে হয়নি প্রথম ইনিংসে ৪৪১ রান করা নিউজিল্যান্ডের। প্রথমে দুটি উইকেট হারালেও শেষ পর্যন্ত ৮ উইকেটের জয় নিশ্চিত করেছে তারা।

দলীয় মাত্র ২৩ রানে কৌসলের বলে ম্যাথুসের তালুবন্দী হন ওপেনার টম লাথাম (১৭)। দলের রানের খাতায় আর মাত্র ২০ রান যোগ হতে এরাঙ্গার বলে ডিকওয়েলার হাতে ক্যাচ আউট হন রাথারফোর্ড (১০)। তবে উইলিয়ামসন ৩১ ও টেইলর ৩৯ রান নিয়ে অপরাজিত থাকেন।

এর আগে সোমবার দিনের শুরুতে ২৯৩ রান নিয়ে খেলা শুরু করে শ্রীলঙ্কা। হাতে ছিল পাঁচ উইকেট। এদিন কেউই দলের পক্ষে বড় স্কোর করতে পারেননি। আগের দিনের ৫৩ রান নিয়ে খেলা শুরু করা ম্যাথুস আউট হন ৬৬ রানে। আর ৫ রান নিয়ে মাঠে নামা কৌসল ২৩ রানেই মাঠ ছাড়েন। তবে এরাঙ্গা ৪৫ রান নিয়ে অপরাজিত ছিলেন।

নিউজিল্যান্ডের বোলার ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি চারটি করে উইকেট পান। বাকি দুটি উইকেট নেন ক্রেইগ ও নীশাম।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড প্রথম ইনিংস: ৪৪১; ম্যাককলামা ১৯৫ ও নীশাম ৮৫

শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ১৩৮ (ফ.); ম্যাথুস ৫০

শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ৪০৭; করুনারত্নে ১৫২ ও ম্যাথুস ৬৬

নিউজিল্যান্ড দ্বিতীয় ইনিংস: ১০৭/২; টেইলর ৩৯ ও উইলিয়ামসন ৩১

ফলাফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়।

জেডআই