দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি২০ ম্যাচ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল।  শনিবার এই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তবে এই সিরিজের খেলার সূচী এখনও চূড়ান্ত করা হয়নি। কারণ টেস্ট সিরিজ আগে না ওয়ানডে সিরিজ, এটি নিয়ে কিছুটা দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে রয়েছে বিসিবি। তবে আসন্ন এই সিরিজের সম্ভাব্য খেলার তারিখ ১৯ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত ধরা হয়েছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান।

যদিও বিশ্বকাপের আগে পাকিস্তানের বাংলাদেশ সফর নিয়ে দেখা দিয়েছিল শংকার মেঘের ঘনঘটা। শেষ পর্যন্ত এপ্রিলে পাকিস্তান দলের বাংলাদেশ সফর নিশ্চিত হলো। এমনকি পাকিস্তান সরকারও পিসিবিকে সফরের সবুজ সংকেত দিয়েছে। শনিবার এমনই সংবাদ প্রকাশ করেছে ইসপিএন ক্রিকইনফো। ২০১১ সালের শেষ দিকে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল পাকিস্তান দল। প্রায় তিন বছর পর আবারও পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশে আসছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থার কথা বর্ণনা করে সফরের ব্যাপারে পাকিস্তান চূড়ান্ত সিদ্ধান্ত নিতে অপেক্ষা করছিল। এছাড়া অর্থনৈতিক কিছু বিষয়ও জড়িত ছিল। কিন্তু বাংলাদেশ সফরের ব্যাপারে পাকিস্তান সরকার অনুমতি দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিনিয়র মিডিয়া ম্যানেজার রাজা কিসলে বলেন, ‘সরকার কিছুটা উদ্বিগ্ন কারণ সেখানে (বাংলাদেশ) পাকিস্তান সম্পর্কে এখনও নেতিবাচক ধারণা রয়েছে। কিন্তু ক্রিকেট ও রাজনীতি সম্পূর্ণ আলাদা তাই আমরা বাংলাদেশ সফরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দল পাঠানোর কয়েকদিন আগে আমরা সেখানে একটি নিরাপত্তা দল পাঠাবো। তারা পাকিস্তান হাইকমিশনের সঙ্গে দেখা করে ভেন্যুগুলোর নিরাপত্তা পর্যবেক্ষণ করবে।’

এদিকে শনিবার বিসিবির মিডিয়া ম্যানেজার জালাল ইউনুস বলেন, ‘গত শুক্রবার বোর্ড সভাপতি নাজমুল হাসানের সঙ্গে আমার কথা হয়েছে, পাকিস্তান সফরে আসছে বলে নিশ্চিত করেছেন উনি। আগেরদিন নাজমুল হাসানের সঙ্গে বিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খানের সঙ্গে কথা হয়েছে। পাকিস্তান বাংলাদেশ সফরে আসতে রাজি হয়েছে বলে বিসিবি সভাপতি আমাকে জানিয়েছেন। আর তাই সব ঠিক থাকলে তারা ১৫ এপ্রিল বাংলাদেশে আসবে।’

পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি২০ ম্যাচ খেলবে। ম্যাচগুলো মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। কিন্তু কোন ভেন্যুতে কোন ফরম্যাটের খেলা আগে হবে, সেটা এখনও নিশ্চিত হয়নি। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টর ইচ্ছা যে ভেন্যুতেই হোক না কেন, আগে ওয়ানডে ক্রিকেট দিয়ে যেন সিরিজ শুরু হয়। সেক্ষেত্রে ২২ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে প্রথম ওয়ানডে।

জেআই