চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পারায় বার বার লিভারপুল ছেড়ে যাওয়ার চেষ্টা করেছেন লুইজ সুয়ারেজ। অনেক অনুরোধে চলতি মৌসুমটি অ্যানফিল্ডের হয়ে খেলেছেন। আর এই মৌসুমেই দারুণ খেলেছে ইংলিশ ক্লাবটি। ইতোমধ্যে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করেছে। লিগ শিরোপাটি জয়ের দৌড়েও এগিয়ে আছে। ফলে লিভারপুল ছেড়ে যাচ্ছেন না দলের সেরা তারকা সুয়ারেজ। এই ক্লাবেই থাকার প্রতিশ্রুতি দিলেন তিনি।
গত গ্রীষ্মে একবার গুজব রটেছিল আর্সেনালে পাড়ি জমাচ্ছেন সুয়ারেজ। এমনকি ট্রান্সফার উইন্ডোতে তাকে নিয়ে বেশ কয়েকটি ইউরোপীয়ান ক্লাবও আগ্রহ প্রকাশ করেছিল। এর মধ্যে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদও ছিল। চলতি মৌসমের শেষে তিনি দল ছাড়ছেন বলেও গণমাধ্যমে বিভিন্নভাবে রিপোর্ট প্রকাশিত হয়েছে।
বর্তমান রেড বস ব্রেন্ডন রজার্সের অধীনেই সুয়ারেজ থাকতে চান। আর তাই স্থানীয় দৈনিক ডেইলি স্টার এর সূত্রমতে জানা গেছে, লিভারপুলের ডাগ আউট ছেড়ে সুয়ারেজ আপাতত কোথাও যাচ্ছেন না। আগামী মৌসুমে নতুন সাড়ে চার বছরের চুক্তি অনুযায়ী সপ্তাহে সুয়ারেজের আয় হবে ২ লক্ষ পাউন্ড। এই চুক্তিতে তিনি গত ডিসেম্বরে স্বাক্ষর করেন।
এখন পর্যন্ত প্রিমিয়ার লিগের ৩১টি ম্যাচে ৩০ গোল করে পিএফএ বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব জিতেছেন ২৭ বছর বয়সী এই উরুগুয়ের স্ট্রাইকার। আর তারই কল্যাণে ২৪ বছর পরে আবারো প্রিমিয়ার লিগের শিরোপা স্বপ্নে এখন বিভোর রয়েছে লিভারপুল।
ঢাকা, ৩মে (টাইমনিউজবিডি) //জেডআই