জিম্বাবুয়ে-এ দলকে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করলেও হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে বাংলাদেশ-এ দল। রোববার আনঅফিসিয়াল তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ে-এ দলের বিপক্ষে ১৭ রানে হেরেছে স্বাগতিকরা।

ফতুল্লাহর খান সাহেব ওসমমান আলী স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে মাঠে নামে জিম্বাবুয়ে। চাকাব্ভার সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৫৩ রান সংগ্রহ করে সফরকারীরা।

মোসাদ্দেক হোসাইনের বলে ইলিয়াস সানির হাতে ক্যাচ তুলে দেয়ার আগে ১৩২ রান করেন উদ্বোধনী জুটির চাকাবভা। ১৪৪ বলে ১৩টি চার ও তিনটি ছক্কায় এই স্কোর করেন তিনি। অধিনায়ক সিবান্দা ৫২ রান করে মোহাম্মদ শহীদের শিকারে পরিণত হন। এছাড়া ওপেনার চারির ৩৫ রানই উল্লেখযোগ্য।

বাংলাদেশের বোলার জোবায়ের হোসাইন ও মুমিনুল হক দুটি করে উইকেট পান। বাকি উইকেট দুটি নেন মোহাম্মদ শহীদ ও মোসাদ্দেক হোসাইন।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩৬ রানে তিনটি উইকেট হারায় বাংলাদেশ-এ দল। ওপেনার সৌম্য সরকার ২২ গজের এক প্রান্তে দাঁড়িয়ে থাকলেও মাঠ থেকে একে একে বিদায় নেন শাহরিয়ার নাফিস, মার্শাল আইয়ুব ও মুমিনুল হক। তারা প্রত্যেকেই ২ রান করে করেন।

তবে সৌম্য সরকারের পর আশার আলো দেখিয়েছিলেন নাঈম ইসলাম ও মোসাদ্দেক হোসাইন। ৫৬ রান করা সৌম্য আউট হওয়ার পর ৬৬ রান করে সাজঘরে ফিরে যান নাঈম। মোসাদ্দেক করেন ৪৯ রান।

শেষের দিকে ইলিয়াস সানি ৪২ রান করলেও বাকিরা মাঠে আসা-যাওয়া করা ছাড়া আর কিছুই করতে পারেননি। ফলে তিন বল হাতে থাকতে ২৩৬ রানে ইনিংস গুটিয়ে যায় মার্শাল আইয়ুবের দলের। জোবায়ের হোসাইন শূন্য রান নিয়ে অপরাজিত ছিলেন।

জিম্বাবুয়ের কামুঙ্গুজি চারটি ও মুপারিয়া তিনটি উইকেট নেন। এছাড়া মুসুকু দুটি ও মারুমা একটি উইকেট নেন।

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই