শেষ ম্যাচে ৫২ রানে জয় পাওয়ার পর নিউজিল্যান্ড প্রধান কোচ গ্লেণ পকনালের বিশ্বাস বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে সমতা আনবে তার দল। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে নিজেদের সর্বনিম্ন মাত্র ৬০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ম্যাচে ৭ উইকেটে হারে কিউইরা।
দ্বিতীয় ম্যাচে তীব্র প্রতিদ্বন্দিতার পর চার রানে হারে নিউজিল্যান্ড। তবে তৃতীয় ম্যাচে দারুনভাবে ঘুড়ে দাঁড়ায় তারা। তৃতীয় ম্যাচে বাংলাদেশকে ৭৬ রানেই অলআউট করে দিয়ে ৫২ রানে ম্যাচ জিতে নিউজিল্যান্ড। বাংলাদেশের ৭৬ রান, এই ফরম্যাটে দ্বিতীয় সর্বনিম্ন রান টাইগারদের। আর এই ফরম্যাটে ঘরের মাঠে এটিই সর্বনিম্ন রান বাংলাদেশের।
মঙ্গলবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পকনাল বলেন, ‘আমরা এখানে বেশ কয়েকটি ম্যাচ খেলেছি, যা ছিল দারুন ব্যপার। আগামীকাল আমাদের ভালো খেলে ২-২ সমতা আনতে হবে হবে, তারপর দেখব শেষ ম্যাচে কি হয়। ছেলেরা এ জন্য আত্মপ্রত্যয়ী, যা সত্যিই দুর্দান্ত।’
কোচ হিসেবে তৃতীয় ম্যাচে ৫২ রানে প্রথম জয়ের স্বাদ পাওয়া পকনাল বলেন, ‘এটি ছিল একটি বিশেষ অনুভূতি কারণ ছেলেরা কঠোর পরিশ্রম করছে এবং আমাদের খেলা নিয়ে চারদিকে অনেক আলোচনা চলছিল। এই চ্যালেঞ্জিং কন্ডিশনে ছেলেরা সব পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারায় আমি গর্বিত। ছেলেরা প্রমাণ করেছে ঐক্যবদ্ধ থাকলে সব। যা সামনে এগিয়ে যাওয়ার জন্য অত্যন্ত এক্সাইটিং।’ ৬২ রানে পঞ্চম উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন ৬৬ রানের জুটি গড়ায় হেনরি নিকোলস ও টম ব্লান্ডেলের প্রশংসা করেন। মুলত এই জুটির কল্যানেই লড়াই করার পুজি পায় নিউজিল্যান্ড।
তিনি আরো জানান, বাংলাদেশের মাটিতে তাদের হারাতে পারলে মনোবল অনেকখানি বেড়ে যায়।
পকনাল বলেন, ‘শুধু আমাদের নয় বিশ্বের অন্য সব দলের বিপক্ষে (ঘরে) দুর্দান্ত রেকর্ড রয়েছে টাইগারদের। আমরা জানি এই পরাজয়ের পর তারা বেশ কঠিনভাবে ঘুড়ে দাঁড়াবে এবং তারা লড়াই করবে। আমরা অবশ্যই তাদের বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত। আমরা আগুনের সাথে আগুন নিয়েই লড়াই করতে যাচ্ছি, অতএব এটা বলতে পরি আমরা প্রস্তুত।’ সূত্র : বাসস।
এবিএস





