নিজ গ্রাম তেঁতুলিয়ায় ঈদুল আজহার নামাজ আদায় করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অন্যতম পেসার মুস্তাফিজুর রহমান। মঙ্গলবার সকালে বাড়ির পাশের তেঁতুলিয়া পূর্বপাড়া জামে মসজিদ ঈদগাহে নামাজ আদায় করেন তিনি। নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা সফিউল্লাহ।

নামাজের আগে মুস্তাফিজ ঈদগাহ সম্প্রসারণের জন্য এক লাখ টাকা অনুদান দেন। পরে নামাজ শেষে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব, শিশু-কিশোর, ভক্তসহ বিভিন্ন বয়সী মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ঈদে ‘সাতক্ষীরা এক্সপ্রেস’ মুস্তাফিজকে কাছে পেয়ে বাবা আবুল কাশেম গাজী, মা মাহমুদা খাতুন, ভাই-বোন, বন্ধু ও ভক্তরা আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেছেন। মুস্তাফিজের সেজ ভাই মোখলেছুর রহমান পল্টু জানান, ঈদুল আজহা উদযাপন করতে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে বাড়িতে এসেছেন মুস্তাফিজ।

তিনি জানান, দুই লাখ টাকা দিয়ে কেনা গরু কোরবানি দেওয়া হয়েছে। পাশাপাশি ঈদগাহ সম্প্রসারণের জন্য এক লাখ টাকা অনুদান দিয়েছে মুস্তাফিজ। আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মুস্তাফিজ বাড়িতে থাকবেন। তারপর ফের ঢাকায় ফিরে যাবেন।

এআই