পাকিস্তান সুপার লিগের দল পেশওয়ার জালমি তামিম ইকবালের জন্য পুরস্কার ঘোষণা করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অনবদ্য ব্যাটিং করায় তামিমকে ৫ হাজার ইউএস ডলার পুরস্কার দিচ্ছেন দলটির মালিক জাভেদ আফ্রিদি।

তামিম গত পিএসএলে এই দলটির হয়ে দারুণ ব্যাটিং করেন। সন্তানের জন্য লিগের মাঝপথে চলে আসলেও পেশওয়ার জালমি তামিমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এরপর বিশ্বকাপে তামিম সর্বাধিক রানের মালিক হন। ছয় ম্যাচে ২৯৫ রান সংগ্রহ করেন।

ওমানের বিপক্ষে নান্দনিক এক শতক করে দেশের হয়ে রেকর্ড গড়েন। টি-টোয়েন্টিতে তিনিই প্রথম এবং একমাত্র বাংলাদেশি সেঞ্চুরিয়ান।

জালমির মালিক গতকাল টুইট করে তামিমকে পুরস্কার দেয়ার বিষয়টি জানিয়েছেন।

তামিম এই খবর শুনে ‘হতবাক’ হয়েছেন। সঙ্গে সঙ্গে রিটুইট করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ‘আপনার কাছ থেকে এমন সম্মান পেয়ে বিস্মিত হলাম। প্রত্যেকে এভাবে সম্মান দেখাতে পারে না। আপনার সঙ্গে থাকতে পেরে আনন্দিত।’

এআই