বিসিবির নিয়ম অমান্য করায় কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ রুবেল চোটের কারণে কিছুদিন ধরেই জাতীয় দলের বাইরে পেসার রুবেল হোসেন।

ঘরের মাঠে এশিয়া কাপ এবং আগামী মার্চ-এপ্রিলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও তাঁর জায়গা হয়নি। এবার বড় দুঃসংবাদ হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে রুবেল কে।

সোমবার বিসিবির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে রয়েছেন ১৫ জন ক্রিকেটার।

রুবেলকে বাদ দেওয়া প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘প্রথমে চোটে পড়ার পর পুনর্বাসনের জন্য বিসিবি থেকে যে নিয়ম দেওয়া হয়েছিল তা সঠিকভাবে মেনে চলেনি রুবেল।

বিসিবির নিয়ম ভাঙায় তাকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছে।’

খেলোয়াড়দের দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘বিসিবি থেকে খেলোয়াড়দের বেতন-ভাতা দেওয়া হয়। তাই ক্রিকেটারদের তাদের দায়িত্বের ব্যাপারে আরো সচেতন হতে হবে।’

অবশ্য রুবেলের চুক্তিতে ফেরার সম্ভাবনা শেষ হয়ে যায়নি বলে মনে করেন বিসিবি সভাপতি, ‘আপাতত তাকে চুক্তি থেকে বাদ হলেও সুযোগ রয়েছে আবার ফেরার।

আমরা তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেব, সে যদি যুক্তিসঙ্গত কারণ দিতে পারে, তাহলে আবার রুবেল চুক্তির আওতায় ফিরে আসবে।’

উল্লেখ ২০১৪ সালে অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির সঙ্গে সম্পর্কে জড়িয়ে বেশ আলোচিত হয়েছিলেন রুবেল।

সে বছরের ১৩ ডিসেম্বর রাজধানীর মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে (মামলা নম্বর ৩৭) হ্যাপি বাদী হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করলে দুদিন কারাগারে থাকার পর জেলা জজ আদালত থেকে জামিন পান রুবেল।

এসএম/ওএফ