বয়স যত বাড়ে, অভিজ্ঞতাও তত বাড়ে। সেটা আবার প্রমাণ দিলেন ব্যাটসম্যান ইউনিস খান। ৩৭ বছর বয়সে এসে আরো একটি সেঞ্চুরি পেলেন তিনি। এই নিয়ে শেষ পাঁচ ইনিংসে দ্বিতীয়বারের মতো সেঞ্চুরি করলেন তিনি। তার সেঞ্চুরিতে ভর করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে পাকিস্তান। বুধবার দিন শেষে ৪ উইকেটের বিনিময় ২১৯ রান সংগ্রহ করেছে তারা।

দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জয় পায় পাকিস্তান। ব্যাটিং বেছে নেন দলনেতা মিজবাহ উল হক। কিন্তু উদ্বোধনী জুটি হতাশ করে পাক সমার্থকদেরকে। দলীয় ১ রানে ব্যক্তিগত রানের খাতা খোলার আগে মাঠ থেকে বিদায় নেন মোহাম্মদ হাফিজ। দলীয় রানের খাতায় আর ছয় রান যোগ হতে সাজঘরে ফিরে যান ওপেনার আহমেদ শেহজাদ।

মাঠে নামেন ইউনিস খান। ওয়ানডাউনে মাঠে নামা আযহার আলীকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন তিনি। পরে সেটা রুপ নেয় প্রতিবাদে। এতে দলীয় স্কোর সেঞ্চুরি পার করে। হাফ-সেঞ্চুরি পূর্ণ করা আযহার আলী (৫৩) আউট হলেও দলের হাল ধরে রাখেন ইউনিস। দেখতে দেখতে টেস্ট ক্যারিয়ারের ২৫তম সেঞ্চুরি পূর্ণ করেন ২০০০ সালে অভিষেক হওয়া এই ক্রিকেটার। এরপর বেশিক্ষণ মাঠে স্থায়ী হতে পারেননি। তাকে এলবিডব্লিউ'র ফাঁদে ফেলেন জনসন। মাঠ ছাড়ার আগে ২২৩ বল মোকাবিলা করে ১০টি চার ও একটি ছক্কায় ১০৬ রান করেন ইউনিস।

দিনের বাকি সময় আর কোনো উইকেট হারাতে হয়নি পাকিস্তানের। দ্বিতীয় দিনে ৩৪ রান নিয়ে মিজবাহ ও ৯ রান নিয়ে আসাদ শফিক ব্যাট করতে নামবেন। এদিন অসি বোলার মিশেল জনসন তিনটি উইকেট নেন। বাকিটা পান পিটার সিডল।

জেডআই