বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসরে যোগ হচ্ছে খুলনা ও রাজশাহী বিভাগের দুটি দল। অন্যদিকে বাদ পড়ছে সিলেট সুপার স্টারস। এই বছর ৭টি দল নিয়েই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

২০১২, ২০১৩ ও ২০১৫ আসরে ছয়টি করে ফ্র্যাঞ্চাইজি বিপিএলে খেলেছিল। গত আসরে না থাকার পর এবার আবারও ফিরছে খুলনা ও রাজশাহী। মূলত মালিকানা নিয়ে সমস্যার কারণেই এই দুটি দল বিপিএলের তৃতীয় আসরে ছিল না। অন্য দিকে গত আসরে ফ্র্যাঞ্চাইজির চুক্তি ভাঙায় সিলেট সুপার স্টারসের সঙ্গে চুক্তি বাতিল করেছে বিসিবি।

বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, বরিশাল বুলস, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংসের সঙ্গে চলতি আসরে যোগ দেবে রাজশাহী ও খুলনার দল।

এ ব্যাপারে বিপিএলের সদস্য সচিব আইএইচ মল্লিক বলেন, ‘দুটি নতুন দল যোগ হয়েছে রাজশাহী ও খুলনা। আরও অনেক দলই আগ্রহ প্রকাশ করেছে। এ বছর বাংলাদেশ দল নিউজিল্যান্ডে খেলতে যাবে। তার আগে অস্ট্রেলিয়াতে কিছুদিন ক্যাম্প করবে ক্রিকেটাররা। সময়টা খুব কম, তাই আমরা এই বছর ৭টি দল নিয়েই টুর্নামেন্ট চালাবো।

জানা গেছে আরো কয়েকটি অঞ্চলের টিম গঠনের আগ্রহ থাকলেও জাতীয় দলের ব্যস্ততার কথা চিন্তা করেই মূলত দল বাড়ায়নি বিপিএল গভর্নিং কাউন্সিল।

এবার খুলনার ফ্র্যাঞ্চাইজি পেয়েছে জেমকন গ্রুপ। আগামী চার বছর প্রতিষ্ঠানটি খুলনার ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পালন করবে। রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি পেয়েছে ম্যাঙ্গো এন্টারটেইনমেন্ট ।


বুধবার বিপিএল গভর্নিং কাউন্সিলর বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে নতুন দুই ফ্র্যাঞ্চাইজির নাম চূড়ান্তভাবে ঘোষণা করে।


এসএ