শাস্তির মেয়াদ কমলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)’র দল কলকাতা নাইটরাইডার্সের হয়ে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি২০তে খেলতে পারবেন না সাকিব আল হাসান। বিসিবি ঘরোয়া ক্রিকেটে সাবেক অধিনায়ককে খেলার অনুমতি দিলেও বিদেশী কোনো লিগে অংশগ্রহণের বিষয়ে এনওসি (অনাপত্তিপত্র) দেয়নি। তাই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাকিবকে ছাড়াই খেলতে হবে শাহরুখ খানের দলকে।
বিসিবির সিদ্ধান্তের বিরোধিতা না করলেও সাকিব চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারবে না বলে আক্ষেপ করেছেন নাইটরাইডার্সের প্রধান নির্বাহী ভেঙ্কি মইসোর। বলেছেন, ‘চ্যাম্পিয়ন্স লিগে সাকিবকে পাচ্ছি না আমরা। আমাদের বিকল্প থাকলেও দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের পরিবর্তে অন্য কাউকে খেলাতে হবে, এটা দুর্ভাগ্যজনক। তবে আমরা বিসিবির সিদ্ধান্তকে শ্রদ্ধা করি।
অশোভন আচরণের দায়ে সাবিককে ছয়মাসের নিষেধাজ্ঞা দিলেও পরে তা কমিয়ে সাড়ে তিন মাস করেছে বিসিবি। অবশ্য ঘরোয়া ও হোম সিরিজে খেলার অনুমতি দিলেও বিদেশী লিগে অংশগ্রহণের কোনো সুযোগ নেই সাকিবের।
এই মৌসুমে (২০১৪) কলকাতা নাইটরাইডার্সের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাকিব। ২২৭ রান করেছেন বাঁহাতি এই ক্রিকেটার। স্ট্রাইক রেইট ছিল ১৪৯.৩৪। আর উইকেট শিকার করেছেন ১১টি।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





