আশ্চর্য বোলার তাইজুল ইসলামের ঘূর্ণিতে এবার সাকিব আল হাসানের দল লিজেন্ডস অব রূপগঞ্জ ধরাশায়ী হয়েছে। বুধবার বিকেএসপির তিন নম্বর মাঠে তাইজুলের দল প্রাইম ব্যাংক জিতেছে ৯৫ রানে।
ঢাকা প্রিমিয়ার লিগে এই নিয়ে টানা সাম ম্যাচে জয় পেল প্রাইম ব্যাংক। এতে লিগ টেবিলে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটি। এদিকে টানা তৃতীয় বার হারল রূপগঞ্জ।
এদিন টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৪৩ রান করে প্রাইম ব্যাংক। সৈকত আলী (২৭), ব্রেন্ডন টেইলর (২৩) ও সৌম্য সরকারের প্রচেষ্টার পরও ৩০তম ওভারে ১০৬ রানে প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়ে বিপদে পড়ে প্রাইম ব্যাংক। সেখান থেকে দলকে আড়াইশর কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব শুভাগত হোম চৌধুরী (৪৬), নুরুল হাসান (৪১), তাইবুর পারভেজ (৩৯) ও ফরহাদ রেজার (৩২)।
জবাবে ৩৯ ওভার ১ বলে ১৪৮ রানেই গুটিয়ে যায় রূপগঞ্জের ইনিংস। সর্বোচ্চ ৫৩ রান করেন জহুরুল ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান আসে রায়ান টেন ডেসকাটের ব্যাট থেকে। এছাড়া আর কেউ ভালো করতে না পারায় লক্ষ্যের ধারে কাছে যেতে পারেনি শিরোপাধারী দলটি। সাকিব একটি চার ও ছক্কার সাহায্যে ৬ বলে করেন ১১ রান।
প্রাইম ব্যাংকের তাইজুল ৪ উইকেট নেন ৩২ রানে। শুভাগত ২ উইকেট নেন ৭ রানে।
জেডআই





