নিষেধাজ্ঞা তুলে নেয়ায় আজ থেকে খেলতে পারবেন সাকিব আল হাসান। এর আগে ৭ জুলাই তাকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছয় মাসের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়। পাশাপাশি ১৮ মাসের জন্য বিদেশী লিগগুলোতে খেলতে যাওয়ার ক্ষেত্রে অনাপত্তিপত্র না দেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়।

সাকিব অবশ্য পরে এই শাস্তি কমানোর জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেন। তার আবেদনপত্র বিবেচনায় এনে সব ধরণের ক্রিকেট থেকে ছয় মাসের নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। আর সেটা কার্যকর হচ্ছে আজ ১৫ সেপ্টেম্বর থেকে।

গেল ২৬ আগস্ট বিসিবির এক জরুরী সভায় সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট খেলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা কমিয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। যেটা ডিসেম্বর মাস পর্যন্ত ছিল। তবে বিদেশী লিগগুলোতে খেলার ব্যাপারে যে নিষেধাজ্ঞা রয়েছে সেটা এখনো বহাল থাকছে।

নিষিদ্ধ হলেও নিয়মিত অনুশীলন করেছেন সাকিব আল হাসান। কয়েকদিন আগে প্রস্তুতি ম্যাচ খেলেছেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে। অনূর্ধ্ব-১৯ দলের খেলতে যাচ্ছেন এশিয়ান গেমসে। খেলতে পারবেন আসন্ন জিম্বাবুয়ে সিরিজেও। অনেক দিন ক্রিকেট থেকে বাইরে থাকা সাকিবের জন্য এ যেন এক স্বস্তির নিঃশ্বাস।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর